বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সংখ্যালঘু বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে মঙ্গলবার লাহরিঘাটের দাতিয়ালবড়ি চারিআলিতে মরিগাঁও জেলা আমসুর উদ্যোগে প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। আমসুর প্রতিবাদকারীরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল দাহ করে বিভিন্ন শ্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তোলেন।
উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টি অসমের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে (এক্স হ্যান্ডেল) কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি একটি অত্যন্ত ঘৃণামূলক ভিডিও আপলোড করা হয়েছিল। আর এই ভিডিওতে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে রাইফেল হাতে নিয়ে দুজন সংখ্যালঘু মুসলমান ব্যক্তির দিকে পয়েন্ট-ব্ল্যাংক রেঞ্জে গুলি চালনা করতে দেখানো হয়। ভিডিওটিতে ঘৃণা ছড়ানো ক্যাপশন ছিল। এই ভিডিওটি রাজ্য তথা দেশজুড়ে তীব্র সমালোচনা, ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হওয়ার পর পরবর্তীতে এই ভিডিওটি ডিলিট করে দেন।
এদিকে, আমসুর কর্মী বাসির উদ্দিনে বলেন, এভাবে একটি সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তির এই ধরনের সাম্প্রদায়িক ঘৃণা প্রচার ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হিংসাত্মক মনোভাব প্রকাশ করা অত্যন্ত নিন্দনীয়, অসাংবিধানিক এবং সমাজে বিভাজন সৃষ্টিকারী কাজ।



