সড়ক দুর্ঘটনায় আহত এসইউসিআইর প্রবীণ কর্মী পরিমল চক্রবর্তীর মৃত্যু

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : সড়ক দুর্ঘটনায় আহত এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রবীণ কর্মী তথা শ্রীভূমি শহরের মেনরোডের বাসিন্দা পরিমল চক্রবর্তী ওরফে রঞ্জুর মৃত্যু ঘটল। সোমবার রাত ১টা নাগাদ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার ময়নাতদন্তের পর ৭০ বছর বয়সী পরিমল চক্রবর্তী নিথর দেহ শিলচর উকিলপট্টিতে এসইউসিআইর কাছাড় জেলা কমিটির কার্যালয়ে নিয়ে আসা হয় এবং সেখানে তাঁকে দলের কর্মকর্তারা শেষ শ্রদ্ধা জানান। এরপর মৃতদেহ নিয়ে শ্রীভূমির উদ্দেশ্যে রওয়ানা দেন দলীয় কর্মকর্তারা।

জানা যায়, রবিবার ভোরে তিনি প্রাতঃভ্রমণে বের হলে অজ্ঞাত পরিচয় কোনও গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শ্রীভূমির চার্চরোডে দেখতে পেয়ে বাড়িতে খবর দেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। পরবর্তীতে শ্রীভূমি থেকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চক্রবর্তী মাথায় গুরুতর আঘাত পাওয়ায় সঙ্গে সঙ্গে তাকে আইসিউতে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন সোমবার রাতে তিনি পরপারে পাড়ি দেন। প্রয়াত চক্রবর্তী বামপন্থী দল এসইউসিআই (কমিউনিস্ট) এর সক্রিয় ও একনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি রেখে গেছেন শ্রী একমাত্র ছেলে অভিষেক চক্রবর্তী সহ আত্মীয়-স্বজনদের। তার এই মর্মান্তিক প্রয়াণে দল সহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *