বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : শ্রীশ্রীরামকৃষ্ণ পাঠচক্র শিলচর (সেন্ট্রাল) কমিটির ৪৪তম বর্ষপূর্তি অনুষ্ঠান সাংস্কৃতিক কর্মসূচি, পুরস্কার বিতরণ ও সংবর্ধনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সংস্থার প্রার্থনা গৃহে রবিবার সন্ধ্যায় স্বামীজির ১৬৪তম জন্মদিবসকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে ভক্তি, সঙ্গীত ও প্রতিযোগিতার মিশেলে উপস্থিতরা মুগ্ধ হয়েছেন। সন্ধ্যা ৫-৩০ মিনিটে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার সভাপতি চম্পালাল রায়। সহযোগিতায় ছিলেন বানপ্রস্থ মঙ্গলমের সভাপতি নীহারেন্দু তারণ, সহ-সভাপতি গোপালচন্দ্র ভট্টাচার্য ও বীরেন্দ্রকুমার দাসসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। দিব্যত্রয়ী প্রণামের পর সদস্যরা ‘ভাবসাগর তারণ’ সঙ্গীত পরিবেশন করেন। এরপর ঠাকুর, মা ও স্বামীজির গান যথাক্রমে উপস্থাপন করেন বীরেন্দ্রকুমার দাস, যুথিকা দত্ত বনিক ও বীরেশ নাথ। কাছোড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অপ্রতিম নাগ কচিকাঁচাদের নিয়ে স্বামীজিকেন্দ্রিক এক মনোজ্ঞ আলোচনা উপস্থাপন করেন। ১০ বছর পূর্ণ সদস্য অমিত বণিক, সৌমেন রায় চৌধুরী, দীপক কান্তি দত্ত বিশ্বাস ও গোপাল কর্মকারকে সংস্থার পক্ষ থেকে সম্মানিত করা হয়।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে যুথিকা দত্ত বনিক, অপ্রতিম নাগ, বিপ্রাশিস চক্রবর্তী, দীপক ভট্টাচার্য, নীহারেন্দু তারণ, ঝুমা ভট্টাচার্য ও পম্পা ভট্টাচার্য সংবর্ধিত হন। পম্পা ভট্টাচার্য মনমুগ্ধকর আবৃত্তি পরিবেশন করেন। প্রয়াত সুশান্ত ভট্টাচার্য স্মৃতি বর্ণচিত্র প্রতিযোগিতা ও প্রয়াত সুখময়-ঊমারানি ভট্টাচার্য স্মৃতি যোগাসন প্রতিযোগিতার পুরস্কারের সম্পূর্ণ ব্যয়ভার বহন করেন দীপক ভট্টাচার্য। গতবছরও তিনি একইভাবে সহযোগিতা দিয়েছিলেন। যোগাসনে শ্রেষ্ঠ নবরূপা রায়কে উত্তরীয় ও পুরস্কার ভূষিত করে সম্মানিত করা হয়। আমন্ত্রিত অতিথিরা সকল বিজয়ীদের পুরস্কার তুলে দেন। ‘রামকৃষ্ণ শরণং’ ও দিব্যত্রয়ী প্রণাম মন্ত্রে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



