বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : গৌরব গগৈ ও তাঁর স্ত্রী এলিজাবেথ কোলবার্ন গগৈয়ের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগ তুলে রবিবার এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী গৌরব গগৈ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উত্থাপন করেন। মুখ্যমন্ত্রীর এই সাংবাদিক বৈঠকের পর আজ, সোমবার রাজীব ভবনে পাল্টা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন গৌরব গগৈ। সেখানে তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ‘ভেল্কিবাজি’ বলে আখ্যা দেন।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অভিযোগ খারিজ করে গৌরব গগৈ বলেন, “মুখ্যমন্ত্রীকে প্রতিক্রিয়া দেওয়ার জন্য আমরা এই সাংবাদিক বৈঠক করিনি। অসমের মানুষ যাতে বিভ্রান্ত না হন, সেই কারণেই আমরা সাংবাদিকদের সামনে এসেছি। আমাকে যত আক্রমণ করা হোক, তা সহ্য করার সাহস আমার আছে। আমি লাচিতের বংশধর, আমি প্রয়াত তরুণ গগৈয়ের পুত্র। কিন্তু যদি আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হয় বা সাধারণ নাগরিকদের টার্গেট করা হয়, তবে আমি চুপ করে বসে থাকব না।”
মুখ্যমন্ত্রীর উপস্থাপিত তথ্যকে ‘ভেল্কিবাজি’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী তাঁর আনা অভিযোগের একটিও প্রমাণ দিতে পারেননি। সেই কারণেই আমরা রাজনৈতিকভাবে জয়ী হয়েছি। তিনি এতটাই নিচে নেমেছেন যে আমার ১০ বছর ও ৫ বছরের সন্তানদের নিয়েও প্রকাশ্যে মন্তব্য করতে কুণ্ঠাবোধ করেননি। এই বিষয়ে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব।”
দেশের নিরাপত্তা প্রসঙ্গে লোকসভায় প্রশ্ন তোলাকে কেন্দ্র করে ওঠা অভিযোগের জবাবে গৌরব গগৈ বলেন, “দেশের নিরাপত্তা নিয়ে আমরা কি প্রশ্ন তুলতে পারব না? তথ্য জানতে চাইতে পারব না? লোকসভায় উত্থাপিত কোনও প্রশ্ন যদি দেশের নিরাপত্তার পক্ষে হুমকি হয়ে থাকে, তবে লোকসভা কর্তৃপক্ষ সেটি বাতিল করে দেয়। আর যদি তা হুমকি না হয়, তাহলে সরকার তার উত্তর দেয়।



