সেলাই করা বস্তায় এক কেজি চিনি উধাও, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সমবায় গ্রাহকদের

বরাক তরঙ্গ ৮ ফেব্রুয়ারি : সরকারি সমবায় ব্যবস্থায় চুরি রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। গ্রাহকদের প্রত্যেকটি সামগ্রী গ্রহণের সময় আলাদা আলাদা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে, যাতে ডিলার বা এজেন্ট পর্যায়ে কোনও অনিয়ম না ঘটে। কিন্তু এবার অভিযোগ উঠেছে, এজেন্টের হাতে পৌঁছানোর আগেই চিনি কমে যাচ্ছে বস্তা থেকে। এমনই এক গুরুতর ঘটনা সামনে এসেছে কাছাড়ের বিহাড়ার বিক্রমপুরের এক সমবায় ডিলারের ঘরে। কর পদবীর ডিলার স্থানীয়দের উপস্থিতিতে বস্তা থেকে চিনি বের করার এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

অভিযোগ, ৩০ কেজির চিনি বস্তায় পৌঁছালেও বাস্তবে তাতে রয়েছে মাত্র ২৯ কেজি। বিষয়টি নজরে আসতেই সংশ্লিষ্ট ডিলার স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে বস্তার সেলাই খুলে একটি প্যাকেট বের করে গণনা করা হলে দেখা যায়, বস্তায় রয়েছে ২৯টি এক কেজির প্যাকেট। অথচ প্যাকেটের গায়ে স্পষ্টভাবে লেখা ৩০ কেজি। এ ঘটনায় আরও সন্দেহের উদ্রেক হয় যখন দেখা যায়, বস্তায় পূর্বে করা একটি সেলাই খুলে পুনরায় সেলাই করা হয়েছে। এতে এক কেজি চিনি সরিয়ে নেওয়ার আশঙ্কা জোরদার হয়েছে।

সমবায় গ্রাহকদের অভিযোগ, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি প্রতারণা করা হচ্ছে। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। বিষয়টি নিয়ে গ্রাহকরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *