৮ ফেব্রুয়ারি : ছত্তীসগড়ের বস্তার ডিভিশনে একসঙ্গে ৫১ জন মাওবাদীর আত্মসমর্পণ ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে জঙ্গলমহল। নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে, আত্মসমর্পণকারীদের সম্মিলিত মাথার দাম ছিল ১ কোটি ৬১ লক্ষ টাকা। বিজাপুর জেলায় আত্মসমর্পণ করেছেন ৩০ জন, তাঁদের মধ্যে ২০ জন মহিলা। পাশাপাশি সুকমা জেলায় আত্মসমর্পণ করেছেন ২১ জন, যাঁদের মধ্যে ১৪ জন মহিলা রয়েছেন।
বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পত্তিলিঙ্গম জানিয়েছেন, ধারাবাহিক অভিযান, নিরাপত্তা শিবিরের বিস্তার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং প্রশাসনিক প্রকল্পের সুফল প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাওয়ার ফলেই আত্মসমর্পণের প্রবণতা দ্রুত বেড়েছে। রাজ্য সরকারের ‘পুনা মার্গম’ পুনর্বাসন প্রকল্পের আওতায় আত্মসমর্পণকারীদের মূলস্রোতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। প্রশাসনের দাবি, উন্নয়ন ও নিরাপত্তা—এই দুই কৌশল মিলিয়েই মাওবাদী সংগঠনের ভিত নড়বড়ে হয়ে পড়েছে।
উল্লেখ্য, সম্প্রতি মহারাষ্ট্রের গড়চিরোলিতে নিরাপত্তাবাহিনীর অভিযানে সাত জওয়ান নিহত হন। সেই ঘটনার পরপরই বস্তারে একযোগে ৫১ জনের আত্মসমর্পণকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার ওড়িশাতেও ১৯ জন মাওবাদী আত্মসমর্পণ করেন। তাঁদের মধ্যে ছিলেন রাজ্য কমিটির নেতা নিখিল ওরফে নিরঞ্জন রাউত এবং তাঁর স্ত্রী অঙ্কিতা ওরফে রশ্মিতা লেঙ্কা।



