বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : সেবা ভারতী দক্ষিণ আসাম প্রান্তের কেশব স্মারক সংস্কৃতি সুরভী পরিচালিত ২৩তম ধন্বন্তরী সেবা যাত্রায় বরাক উপত্যকায় ২৫টি স্বাস্থ্য শিবিরে হাজার হাজার মানুষ স্বাস্থ্য সেবা পেয়েছেন। ২ ফেব্রুয়ারি থেকে শুরু এই এক সপ্তাহের কার্যক্রমে সমগ্র উপত্যকার প্রত্যন্ত গ্রাম ও চা- বাগানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ভারতের হরিয়ানা, হিমাচল, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, তামিলনাড়ু ও কর্ণাটকসহ বিভিন্ন প্রান্ত থেকে ২৫ জন ডাক্তার অংশ নিয়েছেন। এদের পাঁচ দলে ভাগ করে প্রতিটি শিবিরে গ্রামবাসীদের আতিথ্য গ্রহণ করা হয়েছে। ফলে সর্বমোট ২৯১৪ জন রোগী পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। শিবিরগুলো হয়েছে শ্রীভূমি জেলার সাদারশি, বারইগ্রাম, কটামনি, পীরের চক, দত্তপুর; রামকৃষ্ণনগরের কালাছড়া চা বাগান, কৃষ্ণনগর, বাজারঘাট, চেরাগী, ভৈরব নগর; কাছাড়ের পালরবন্দ, দিঘলী বাহাদুরপুর, বোয়ালি চেংজুর, চেকারচাম, শেওড়াতল, ক্রেইগপার্ক চা -বাগান, চন্দ্রনাথপুর, আয়নাছড়া চা -বাগান, রাজীব নগর, চেংদুয়ার চা-বাগান এবং হাইলাকান্দির কাটানালা, জামিরা, ঘাড়মুড়া, কাঞ্চনপুর ও শিরিষপুর চা বাগানে। ডাক্তাররা শুধু চিকিৎসা করেননি, স্কুল পরিদর্শন করে ছাত্রদের স্বাস্থ্য সচেতনতা বাড়িয়েছেন এবং গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেছেন। শিবির শেষে স্থানীয়রা লোকনৃত্য-লোককলা প্রদর্শন করে উৎসর্গ জানিয়েছেন। কার্যক্রম শ্রীগৌরী মাধবধামে সংবর্ধনা অনুষ্ঠান দিয়ে শুরু হয় এবং শিলচর রামনগরে সমাপন সভায় শেষ হয়েছে।
অতিথি ডাক্তাররা তাদের অভিজ্ঞতা শেয়ার করে আগামী বছরও যোগ দেবার ইচ্ছা প্রকাশ করেছেন। সমাপ্তি সভায় সংগঠনের সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, সম্পাদক শঙ্ককুমার দাস, সহ-সভাপতি ডাঃ সোনম পাণ্ডে, ডাঃ সুমন বিশ্বাস, কোষাধ্যক্ষ মনীষ কুমার কুমত, সহ-সম্পাদক সৌমিত্র দত্তরায়, সজলকুমার দেব, ললিত শর্মা ও বঙ্কিমচন্দ্র ত্রিপুরা উপস্থিত ছিলেন। ডাক্তারদের সংশাপত্র প্রদান করে আগামী সহযোগিতার কামনা জানানো হয়েছে।



