বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : মরিগাঁও জেলার মৈরাবাড়ি থানায় জাতীয় সংগ্রামী সেনার সভাপতি চিতু বরুয়া এবং অসমিয়া যুব মঞ্চের সম্পাদক আকাশ শইকিয়ার বিরুদ্ধে শনিবার একটি এজাহার দাখিল করে মুসলিম ছাত্র সংস্থা অসমে (মুসা)। উজান অসমে মিঞা খেদার নামে পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন ভয় ভাবুকি দিয়ে খেদে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুসার সভাপতি আশ্বিক রাব্বানী বলেন, উজান অসমে মিঞা খেদার নামে প্রকৃত ভারতীয় নাগরিকদের অত্যাচার করা সংবিধানবিরোধী কাজ। মিঞা খেদা অভিযানকারীদের দা-লাঠি দিয়ে হুমকি প্রদান করা কাজের নিন্দা করেন তিনি। যদি অসমে বিদেশী থাকে, অসম চুক্তি অনুযায়ী তাদের বের করে দেওয়ার কাজে মুসা সাহায্য করবে। তবে মিঞা খেদার নামে মুসলমানদের অত্যাচার করা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
এদিকে, উজান অসমে মিঞাদের অত্যাচার করে সংবিধান ভঙ্গকারীদের গ্রেফতার করার দাবি জানান তারা। মিঞা খেদার নামে প্রকৃত ভারতীয় নাগরিককে হেনস্তার অভিযোগে চিতু বরুয়া ও আকাশ শইকিয়ার বিরুদ্ধে মৈরাবাড়ি থানায় এজাহার দাখিল করেন মুসার মরিগাঁও জেলা সমিতির সম্পাদক জাকারিয়া আলম। সাম্প্রদায়িক মন্তব্য ও আইন নিজ হাতে তুলে নেওয়াদের গ্রেফতার করার দাবি জানান, অন্যথা পরিস্থিতি খারাপ হবে বলে হুঁশিয়ারি দেন মুসলিম ছাত্র সংস্থা অসম (মুসা)।



