বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : সোনাইয়ের সৈদপুর বড়বন্দের অ্যাথলিট মহরম আলি মজুমদারের পদকের তালিকা আরও লম্বা হল। যুক্ত হল জাতীয় স্তরের আরও চারটি পদক। ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পুণের পিম্প্রিতে চলা অষ্টম ন্যাশনাল মাস্টার্স গেমসে তিনি সোনাসহ চারটি পদক পেলেন। তিনি ৬৫-৭০ বছর বয়সের গ্রুপে চারটি ইভেন্টে অংশ গ্রহণ করেন। তিনি লংজাম্প প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। এছাড়া ৪*৪ রিলে রেসে রূপা জয়লাভ করেন। ৫ কিলোমিটার ওয়াকিং ও তিন কিলোমিটার রেসে তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ লাভ করেন।
সুপার মাস্টার্স গেম অ্যান্ড স্পোর্টিং ফেডারেশনের আয়োজিত ন্যাশনাল মাস্টার্স গেমসে কাছাড় থেকে তিনজন খেলোয়াড় অংশ নেন। পদক এসেছে মোট সাতটি। এরমধ্যে তিনটি পদক পান শিলু নাথ। সুশিল সিনহা কোন পদক পাননি।
এ দিকে, মহরম আলি মজুমদারের এই সাফল্যে স্থানীয় ক্রীড়াপ্রেমি জনগণ ও পরিজনরা অভিনন্দন জানিয়েছেন।



