বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : বিদ্যাভারতী পূর্বোত্তর ক্ষেত্রের উদ্যোগে আয়োজিত “উৎকর্ষ মহোৎসব” শুক্রবার সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হল সরস্বতী বিদ্যানিকেতন, দক্ষিণ শিলচরে। ক্ষেত্রের অন্যান্য প্রান্তের সঙ্গে সম্মতি রেখে শিক্ষাবিকাশ পরিষদ দক্ষিণ অসম প্রান্তেও এই উৎকর্ষ মহোৎসব পালিত হয়। প্রসঙ্গত, বিদ্যাভারতীর পূর্বোত্তর ক্ষেত্রের যোজনা অনুসারে গত ৪ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎকর্ষ মহোৎসব আয়োজিত। প্রথম পর্যায়ে দক্ষিণ আসাম প্রান্তের মোট পনেরোটি বিদ্যালয়ে এই তিন দিনেই নিরীক্ষণ প্রক্রিয়া চলে।
এদিন সকাল সাড়ে আটটা নাগাদ কার্যদর্শন তত্ত্বাবোধন করতে সরস্বতী বিদ্যানিকেতন, দক্ষিণ শিলচরের বিদ্যালয়ে উপস্থিত হোন নরসিংপুর সরস্বতী বিদ্যানিকেতনের এ মর্মে চয়ন হওয়া অবসরপ্রাপ্ত শিক্ষক তথা সংযোজক মদন মোহন কৈরী, উক্ত বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য দেবাশিস দাস, বিশিষ্ট শিক্ষাবিদ রীতা নাথ, মাতৃভারতীর আচার্যা স্বপ্না কৈরী এবং বিদ্যালয়ের প্রাক্তনী সেবিকা রায়। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষাবিকাশ পরিষদ দক্ষিণ অসম প্রান্তের সংগঠন মন্ত্রী মহেশ ভাগবতজি, সরস্বতী বিদ্যানিকেতন, দক্ষিণ শিলচরের প্রধান আচার্যা সঙ্গীতা রায় চৌধুরী। এদিন আধিকারীকরা সরস্বতী বিদ্যানিকেতন, দক্ষিণ শিলচরে পৌঁছানোর পর বিদ্যালয়ের বিদ্যার্থীরা ঘোষ বাজিয়ে ও কপালে চন্দনের তিলক পরিয়ে স্বাগত জানায় আধিকারিকদের। পরে সকাল নয়টায় পরম্পরাগত প্রাতঃকালীন বন্দনা সমাবেশে অংশগ্রহণ করেন তাঁরা। বন্দনার পর সরস্বতী বিদ্যানিকেতন, দক্ষিণ শিলচরের তরফে আধিকারিকদের উত্তরীয় পরিয়ে বরণ সহ উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন ও উপহার তুলে দেওয়া হয়।

দ্বিতীয় পর্বে চলে বিদ্যালয়ের সব নথিপত্র যাচাই প্রক্রিয়া সহ অভ্যন্তরীণ বিষয় ইত্যাদির নিরীক্ষণ। এরপর আধিকারিকরা গোটা বিদ্যালয়ের এক এক করে শ্রেণি কক্ষ, স্বচ্ছতা, কম্পিউটার ল্যাব, পরীক্ষা বিভাগ, প্রকাশন বিভাগ, বিজ্ঞান প্রয়োগশালা, খেলাধূলার সরঞ্জাম পরিদর্শন করেন। সংযোজক মদনমোহন কৈরী তাঁর বক্তব্যে, সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচরের সব বিষয়গুলো পুঙ্খানুভাবে যাচাইয়ের পর সন্তোষ ব্যক্ত সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান আচার্যাকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করেন।



