৬ ফেব্রুয়ারি : মিজোরামের চাম্পাইয়ে কাস্টমস প্রিভেন্টিভ ফোর্সে (CPF) কর্মরত অবস্থায় সরকারি পদমর্যাদার অপব্যবহারের অভিযোগে তিনজন কাস্টমস আধিকারিকের বিরুদ্ধে ঘুষের মামলা দায়ের করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (CBI)। অভিযুক্তদের মধ্যে রয়েছেন এক অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এবং দু’জন ইন্সপেক্টর।
CBI সূত্রে জানা গেছে, গুয়াহাটি সিজিএসটি দফতরের অতিরিক্ত কমিশনারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি এফআইআর নথিভুক্ত করা হয়। অভিযোগ অনুযায়ী, ২০২২–২৩ সালে অভিযুক্ত আধিকারিকরা সুপারি ও সিগারেটসহ বিভিন্ন চোরাচালানকৃত পণ্য অবৈধভাবে আটক করে সেগুলি ছেড়ে দেওয়ার বিনিময়ে ঘুষ দাবি করেন। তদন্তে আরও অভিযোগ উঠে এসেছে যে, অভিযুক্তরা কোনও সরকারি জব্দ সংক্রান্ত নথি প্রস্তুত না করেই একাধিক ক্ষেত্রে মোট ৩৫ লক্ষ টাকারও বেশি অবৈধ অর্থ গ্রহণ করে বাজেয়াপ্ত করা পণ্য ছেড়ে দেন।
এছাড়াও তদন্তে জানা গেছে, ২০২২ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২৬ এপ্রিলের মধ্যে বাজেয়াপ্ত করা পণ্যের সঙ্গে সম্পর্কিত কাস্টমস গুদাম থেকে ১ কোটি ৪২ লক্ষ টাকারও বেশি মূল্যের সামগ্রী নিখোঁজ রয়েছে।
চলমান তদন্তের অংশ হিসেবে CBI অভিযুক্তদের ইটানগর (অরুণাচল প্রদেশ), গুয়াহাটি (অসম), সিকার (রাজস্থান), পাটনা (বিহার) এবং চুরাচাঁদপুর (মণিপুর)-এ অবস্থিত আবাসিক ও সরকারি দফতরে তল্লাশি অভিযান চালানো হয়।



