ধলাইয়ে বিজেপির বিধানসভা ভিত্তিক নাগরিক সভা, দল পুনরায় ক্ষমতায় আসবে বললেন নীহার

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : আসন্ন  বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে পুনরায় সরকার গঠন করতে বিভিন্ন সাংগঠনিক কার্য্যক্রমের মাধ্যমে রণকৌশল তৈরিতে ব্যস্ত শাসক দল বিজেপি। রবিবার ধলাইর পানিভরা এক বিবাহ ভবনে ধলাই বিধানসভা ভিত্তিক প্রবুদ্ধ নাগরিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রবুদ্ধ নাগরিক সভায় সমাজসেবায় অবদান রাখা ধলাই বিধানসভার প্রবীণ নাগরিক ও বুদ্ধিজীবীদের সম্মান জানাতে এদিন এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করলো ভারতীয় জনতা পার্টি। সভায় সহস্রাধিক জনগণের উপস্থিতিতে ধলাই বিধানসভা অঞ্চলের বিভিন্ন প্রান্তের অন্তত সাত শতাধিক প্রবীণ নাগরিককে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। এই আয়োজনের মাধ্যমে সমাজ গঠনে প্রবীণদের অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয় এবং তাঁদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করেন বিধায়ক নীহাররঞ্জন দাস সহ দলীয় নেতৃত্ব। এ উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। 

এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নীহাররঞ্জন দাস বলেন দীর্ঘদিনের বিজেপির দুর্গ হিসেবে পরিচিত ধলাইয়ে পুনরায় পদ্মফুল ফুটবে। নরেন্দ্র মোদির যোগ্য নেতৃত্বে দেশ স্বাবলম্বী হয়েছে, বিশ্বের চতুর্থ অর্থনৈতিক দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে ভারত। মোদির নেতৃত্বে শীঘ্রই তৃতীয় অর্থনৈতিক দেশ হিসেবে স্বীকৃতি পাবে ভারত, মন্তব্য বিধায়ক নীহাররঞ্জন দাসের। বিধায়ক বলেন, সমাজে বিভিন্ন ভাবে যাদের অবদান রয়েছে তারা হলেন প্রবুদ্ধ নাগরিক। এজন্য দল তাদের নিয়ে বিশেষভাবে সভা আহ্বান করেছে। তাদের নেতৃত্বে সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির সঠিক বিস্তার হবে। বিধায়ক আরও বলেন, ধলাইয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রকল্প অত্যন্ত জরুরি। সেগুলো হলো- ধলাইয়ে মডেল ডিগ্রি কলেজ, সিভিল হাসপাতাল, ধলাইকে পৌরসভায় উন্নীতকরণ, সার্কল অফিস ও একটি আইটিআই নির্মাণ এবং তিনি এনিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ হবেন।

এদিকে, নিজের বক্তব্যে ধলাই বিধানসভা নির্বাচনী প্রভারী পুলক দাস বলেন, রাজ্যে পুনরায় বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠন হবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে কাছাড়ের অন্যতম বিধানসভা ধলাই থেকে বিপুল ভোটে দলীয় প্রার্থীকে জয়ী করতে হবে। তারজন্য তিনি প্রবুদ্ধ নাগরিকদের প্রতি আহ্বান জানান। সভায় নিজ বক্তব্যে ধলাই বিধানসভা নির্বাচনী আহ্বায়ক সিতাংশু দাস বলেন, ধলাই থেকে বিজেপির প্রার্থী জিতবে নিশ্চিত। বিরোধী দল কোনো প্রতিদ্বন্দিতায় আসতেই পারবে না। কিন্তু দলের কিছু কার্যকর্তা পরোক্ষভাবে বিরোধিতায় নেমেছে। বিরোধী দল নয়, দলীয় অন্তর কোন্দল থেকে সতর্ক থাকার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধলাই বিধানসভার ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির সভাপতি কৃপেশ ঘোষ, পরিমল নাথ চৌধুরী, অনন্ত লাল ত্রিবেদী, রসেন্দ্র কুমার দাস, সমীরণ পাল প্রমূখ। উপস্থিত ছিলেন ধলাই বিধানসভা নির্বাচনী ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক পরেশ তাঁতি, ধলাই নরসিংহপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, বড়জালেঙ্গা মণ্ডল সভাপতি অজয় দেব, পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস প্রমুখ। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন ধলাই নরসিংপুর মণ্ডল সাধারণ সম্পাদক পৃথীশ চন্দ্র দাস। উল্লেখ্য, এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটেন বিধায়ক সহ দলীয় কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *