রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : প্রতিবছরের মতো এ বছরও সাফল্যের সঙ্গে সম্পন্ন হল বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস)-এর বর্ষসেরা অনুষ্ঠান। শনিবার শিলচর ডিএসএ ক্যাম্পাসের আশীর্বাদ ভবনে বাকসের কাছাড় জেলা সমিতির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের জন্য প্রতিভাবান ও উদীয়মান খেলোয়াড়দের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। খেলাধুলার ক্ষেত্রে তাঁদের উল্লেখযোগ্য অবদান ও সাফল্যের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। আয়োজকদের মতে, এই বর্ষসেরা অনুষ্ঠানের মূল লক্ষ্য হল এ অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করা এবং খেলাধুলার সামগ্রিক উন্নয়ন ও প্রসার ঘটানো। অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
এবারের বর্ষসেরা পুরস্কারপ্রাপ্তরা হলেন সেরা ফুটবলার হিসেবে সেনসিনমেই গেংমাই লাভ করেন মৃদুল হোড় স্মৃতি ট্রফি। প্রতিশ্রুতিবান ফুটবলার বিভাগে হীরালাল শর্মা স্মৃতি ট্রফি পান নীরজ সাওতাল। সেরা ক্রিকেটার হিসেবে ঋত্বিক ধর লাভ করেন বিষ্ণুপদ গুপ্ত স্মৃতি পুরস্কার এবং সেরা প্রতিভাবান ক্রিকেটার হিসেবে দেবর্ষি সেনগুপ্তের হাতে তুলে দেওয়া হয় মনিকা গুপ্ত স্মৃতি ট্রফি।
সেরা পুরুষ অ্যাথলিট নির্বাচিত হন আরিয়ান বর্মন, যিনি নারুগোপাল দাস স্মৃতি পুরস্কার লাভ করেন। সেরা মহিলা অ্যাথলিট হিসেবে রঞ্জিতা যাদব পান রণেন্দ্র ব্রহ্মচারী স্মৃতি ট্রফি। প্রতিশ্রুতিবান অ্যাথলিট হিসেবে পিঙ্কি রায়ের হাতে তুলে দেওয়া হয় আরতি কর স্মৃতি পুরস্কার।
সেরা প্যাডলার হিসেবে দ্বিবিজা পাল লাভ করেন তারাপদ ভট্টাচার্য স্মৃতি পুরস্কার এবং প্রতিশ্রুতিবান প্যাডলার হিসেবে জেনিথ সিংহ পান বজেন্দ্র বৈদ্য স্মৃতি ট্রফি।
ভলিবলে সেরা খেলোয়াড় হিসেবে বদরুজ্জামান লাভ করেন রুক্মিণীকান্ত ঘোষ স্মৃতি ট্রফি এবং সেরা প্রতিশ্রুতিবান ভলিবল খেলোয়াড় হিসেবে শাহিদ হোসেন পান অমল দাস স্মৃতি পুরস্কার।
দাবায় সেরা মহিলা খেলোয়াড় নির্বাচিত হন দেবারতী দে, যিনি ফুলবাসী দাস স্মৃতি ট্রফি লাভ করেন। সেরা পুরুষ দাবাড়ু হিসেবে শুভ্রদীপ রায়কে প্রদান করা হয় সুকুমার ভট্টাচার্য স্মৃতি ট্রফি এবং সেরা প্রতিশ্রুতিবান দাবাড়ু হিসেবে ঋতস্মিতা ভট্টাচার্য পান সরোজিনী নন্দী পুরকায়স্থ স্মৃতি পুরস্কার।



