যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড যুবকের

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় ৩৪ বছর বয়সি এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল কাছাড় জেলা ও দায়রা আদালত। সোমবার অতিরিক্ত দায়রা বিচারক (ফাস্ট ট্র্যাক কোর্ট) বঙ্কিম শর্মা এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তের নাম তুতন দাস (৩৪)। তিনি শিলচর সদর থানার অন্তর্গত লেবুরবন্ড এলাকার বাসিন্দা। মামলাটির সূত্রপাত ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি, যেদিন লেবুরবন্দের তুতন দাসের বাড়ির রান্নাঘর থেকে তাঁর স্ত্রী চঞ্চলা দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। চঞ্চলার পিতৃগৃহ বড়জালেঙ্গা এলাকার বাসুদেবপুরে। ঘটনার পরদিন চঞ্চলার ভাই বিনোদ দাস শিলচর সদর থানায় একটি এফআইআর দায়ের করেন। অভিযোগে তিনি জানান, যৌতুকের দাবিতে তাঁর বোনকে হত্যা করা হয়েছে।

এফআইআরের ভিত্তিতে কাছাড় পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্ত শেষে টুটন দাসের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় এবং বিচার প্রক্রিয়া শুরু হয়। বিচার শেষে আদালত ভারতীয় দণ্ডবিধির ৩০৪(বি) ধারায় (যৌতুকজনিত মৃত্যু) টুটন দাসকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা ধার্য করেন। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *