ঢাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

Spread the news

২৭ নভেম্বর :  ঢাকার পল্লবী ও বাড্ডা এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সংঘটিত এসব ঘটনায় মধুমতি পরিবহনের একটি, বিহঙ্গ পরিবহনের একটি এবং আলিফ পরিবহনের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে বাসগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাগুলোর মধ্যে সর্বশেষ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পল্লবীর কালশী-পূরবী সড়কে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পল্লবী থানার বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের পাশের এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় বাসে কোনো যাত্রী ছিলেন না। আগুন লাগার পর চালক নিরাপদে বাস থেকে নেমে যান। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে যায়।

পল্লবী থানার উপপরিদর্শক মাসুদুর রহমান রাত ১২টা ২০ মিনিটের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ জানিয়েছে, কারা এবং কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ পল্লবীর মিরপুর-১১ নম্বর এলাকার বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কে পার্কিং করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। সেকশন-১১-এর ব্লক-বি, লাইন-৭ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা বালু ও পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন জানান, বাসটি মালিকের বাড়ির সামনে পার্কিং করা ছিল। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

অন্যদিকে, একই দিন রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আলিফ পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসটিতে তখন যাত্রী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তাঁরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন। তবে আগুনে বাসটির সব আসন পুড়ে যায়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিরুল ইসলাম জানান, বাসটিতে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। বাসের পেছনের আসনে গানপাউডার ছিটানো হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। এ ঘটনায় দুর্বৃত্তদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।

একই রাতে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ এলাকায় পরপর তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় জননিরাপত্তা ও গণপরিবহণের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনায় যাত্রীদের জীবনহানির আশঙ্কা তৈরি হয়। ধারাবাহিক এসব ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *