ভক্তসমাগমে মুখরিত মহারাসলীলা, ‘দ্বিতীয় বৃন্দাবনে’ পরিণত পাথারকান্দি

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : ভক্তি, প্রেম ও বিরহের চিরন্তন সুরে মুখরিত হয়ে উঠল গোটা পাথারকান্দি। ঐতিহ্যবাহী শ্রীশ্রী কৃষ্ণের শারদীয় মহারাসলীলা উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগমে উৎসবের আবহে মেতে উঠল সমগ্র অঞ্চল। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পাথারকান্দি যেন একদিনের জন্য পরিণত হয় ‘দ্বিতীয় বৃন্দাবনে’। প্রতি বছরের মতো এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হলো বৃহত্তর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা।

উৎসবকে কেন্দ্র করে উনামগাঁওয়ের রাধামাধবজীউ দালান মন্দিরের ৮৯তম, বামদেব শর্মা মন্দিরের ৪৩তম এবং খালোপার মন্ত্রীগ্রামের মহারাসলীলাকে ঘিরে গোটা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দূরদূরান্ত থেকে আসা ভক্তদের উপস্থিতিতে ভরে ওঠে রাসমঞ্চ ও সংলগ্ন এলাকা।

সকাল ১১টায় গোষ্ঠলীলা পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। রাখালবেশে শ্রীকৃষ্ণের বাল্যলীলার মনোমুগ্ধকর উপস্থাপনা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। গোধূলি পর্যন্ত চলা এই পর্বে কৃষ্ণের পাশাপাশি শিব, দুর্গা ও নারায়ণের সাজে বিভিন্ন বয়সের ছেলেমেয়েদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও বর্ণময় করে তোলে।
সন্ধ্যা ৬টায় বিশেষ সন্ধ্যা আরতির পর শুরু হয় চৌদ্দবাদল মহাসংকীর্তন। মণিপুর, ত্রিপুরা ও স্থানীয় মিলিয়ে ১৪ জন বাদকের সম্মিলিত পরিবেশনায় মৃদঙ্গ ও করতালের ছন্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ। সংকীর্তনের সুরে ভক্তদের মধ্যে সৃষ্টি হয় গভীর আধ্যাত্মিক আবেশ।

রাত ১১টায় শুরু হয় উৎসবের মূল আকর্ষণ শ্রীশ্রী কৃষ্ণের শারদীয় মহারাসলীলা। বৃন্দাবনের গোপিনীদের সঙ্গে শ্রীকৃষ্ণের চিরন্তন প্রেম ও আধ্যাত্মিক লীলাকে গান ও নৃত্যের মাধ্যমে জীবন্ত করে তোলেন শিল্পীরা। সারারাত ধরে চলা এই পরিবেশনা উপভোগ করতে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।

নিশি অবসানের সঙ্গে সঙ্গে সমাপ্তি ঘটে প্রাচীন ঐতিহ্যবাহী রাসলীলার। রাধাকৃষ্ণের অন্তর্ধান এবং বিরহ-বিচ্ছেদের করুণ পর্বে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত দর্শনার্থীরা। ভক্তদের চোখের জল ও হৃদয়ের গভীর অনুভূতি যেন সাক্ষী হয়ে রইল আরও একটি স্মরণীয় মহারাস উৎসবের। ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরম্পরার এই অপূর্ব সমন্বয়ে আবারও ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল পাথারকান্দি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *