বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : টানটান উত্তেজনা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল ডাউনহিল নাগাখাল এফসি। অন্যদিকে, নির্ধারিত সময়ে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করতে হল আরআর স্পোর্টিং শিলচরকে। তবে ম্যাচ হারলেও অসাধারণ পারফরম্যান্সের সুবাদে সেরা খেলোয়াড়ের সম্মান অর্জন করলেন শিলচর দলের ডিফেন্ডার সৌরভ।
সোমবার কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত ৯-এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর আর স্পোর্টিং শিলচর ও ডাউনহিল নাগাখাল এফসি। শুরু থেকেই দুই দলের মধ্যে চলে জোরদার প্রতিদ্বন্দ্বিতা।
ম্যাচের ১৩ মিনিটে সুমনের গোলে এগিয়ে যায় আরআর স্পোর্টিং শিলচর। তবে বেশিক্ষণ সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ২৬ মিনিটে শাকরিং ডেকারের গোলে সমতায় ফেরে ডাউনহিল নাগাখাল। প্রথমার্ধের লড়াই শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ৫৩ মিনিটে কালুর গোলে ফের এগিয়ে যায় শিলচর। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত ফ্রি-কিক থেকে ৫৭ মিনিটে গোল করে ডাউনহিল নাগাখালকে সমতায় ফেরান পট। ফলে নির্ধারিত সময়ে ২-২ গোলে অমীমাংসিত থাকে ম্যাচ।
এরপর ম্যাচের ভাগ্য নির্ধারণে আশ্রয় নিতে হয় টাইব্রেকারের। সেখানেই স্নায়ুর চাপ সামলে বাজিমাত করে ডাউনহিল নাগাখাল এফসি।

ম্যাচে রক্ষণভাগে অসাধারণ দক্ষতা ও দায়িত্বশীল পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আর আর স্পোর্টিং শিলচরের ডিফেন্ডার সৌরভকে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি সুদীপ পাল এবং কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির ক্রীড়া সম্পাদক সাজু লস্কর। এ দিন ম্যাচ পরিচালনা করেন ইজাজ লস্কর, শামিম আহমদ বড়ভূইয়া, জাফর বড়ভূইয়া ও নিজাম উদ্দিন।
এদিকে, টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে ১১ ব্রাদার কালাখাল ও ভাই ভাই এফসি নগদীরগ্রাম পুনিরমুখ।



