সোনাইয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার সাংগঠনিক সভা ও সংবর্ধনা অনুষ্ঠান
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : সোনাই পুরসভার ২ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির সোনাই মণ্ডল সংখ্যালঘু মোর্চার উদ্যোগে এক সাংগঠনিক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তিয়ুজ কুজুর।

বক্তব্য রাখতে গিয়ে শান্তিয়ুজ কুজুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বিজেপির সঙ্গে থাকার আহ্বান জানান। তিনি দাবি করেন, বিজেপি সরকারের আমলেই সংখ্যালঘুরা শান্তিতে রয়েছেন।
সংখ্যালঘু মোর্চার সোনাই মণ্ডল সভাপতি আতাবুর রহমান লস্করের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্পাদক মুস্তাফা আহমদ, জেলা সভাপতি তথা শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলর আতাউর রহমান লস্কর, সোনাই মণ্ডল বিজেপির সভাপতি অশোক কুমার গোয়ালা এবং সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম।

বক্তারা তাঁদের বক্তব্যে বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। পাশাপাশি আসন্ন সোনাই পুরসভা নির্বাচনে শাসকদলের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তাঁরা। এর মাধ্যমে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।



