বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : মধ্য কাছাড় জেলায় বজরং দলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল করে তোলার লক্ষ্যে নতুন জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার শিলচরের মালুগ্রামস্থিত শ্রীশ্রী পঞ্চানন শিববাড়িতে সংগঠনের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী দিনের কর্মপরিকল্পনা, সংগঠনের সম্প্রসারণ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বজরং দলের গুয়াহাটি ক্ষেত্র সংযোজক বিষ্ণু ভট্টাচার্য, দক্ষিণ-পূর্ব প্রান্তের ছাত্র সম্পর্ক প্রমুখ চিরঞ্জিত কুমার সিংহ, বজরং দল শিলচর বিভাগের সংযোজক পঙ্কজ দাস এবং মধ্য কাছাড় জেলা বিশ্ব হিন্দু পরিষদের সহ-সভাপতি আশিস দত্ত। এছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের কার্যকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার উদ্দেশ্যে মধ্য কাছাড় জেলা বজরং দলের নতুন জেলা টোলী ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব বণ্টন করা হয়েছে।

ঘোষিত কর্মসূচির মধ্যে হিতচিন্তক অভিযান, গো-সুরক্ষা, ছাত্রসমাজের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, মিলন কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণ এবং ব্যায়াম কেন্দ্রের মাধ্যমে যুবসমাজকে সংগঠিত করার বিষয়গুলি বিশেষ গুরুত্ব পায়। পাশাপাশি তৃণমূল স্তরে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর জোর দেওয়া হয়।

নবগঠিত মধ্য কাছাড় জেলা বজরং দলের দায়িত্বপ্রাপ্তরা হলেন—
১. জেলা সংযোজক: শিবা নাথ। ২. সহ-সংযোজক: পঙ্কজ ভর্মন। ৩. সহ-সংযোজক: প্রশান্ত দাস। ৪. মিলন কেন্দ্র প্রমুখ: রাজ ভর। ৫. গো-সুরক্ষা প্রমুখ: বিশাল চক্রবর্তী। ৬. ছাত্র সম্পর্ক প্রমুখ: রিতম চক্রবর্তী। ৭. ব্যায়াম কেন্দ্র প্রমুখ: রোহিত দাস (মান্না)। ৮. সুরক্ষা প্রমুখ: অভি দেবনাথ। ৯. কার্যকারী সদস্য: জিতেন রবি দাস। ১০. কার্যকারী সদস্য: টিটু দাস। ১১. কার্যকারী সদস্য: স্মিত গুহ। ১২. কার্যকারী সদস্য: উজ্জ্বল সূত্রধর। ১৩. কার্যকারী সদস্য: বিজয় দাস।
বৈঠকে উপস্থিত প্রান্ত ও বিভাগীয় নেতৃত্ব নবনিযুক্ত কার্যকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধ বজায় রেখে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা।

নবগঠিত জেলা টোলী আগামী দিনে মধ্য কাছাড়ের বিভিন্ন এলাকায় সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও সম্প্রসারিত করার পাশাপাশি সেবা, সুরক্ষা ও সংস্কারের ভাবনাকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সংগঠনের মূলমন্ত্র— সেবা, সুরক্ষা ও সংস্কার।



