মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : পাথারকান্দির জুরবাড়িতে হিজবুত তাহরিরের কথিত সাংগঠনিক তৎপরতা ও কার্যালয় স্থাপনের অভিযোগকে কেন্দ্র করে সরব হলো এমএসএফ। ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।

এ উপলক্ষে শনিবার আছিমগঞ্জে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এমএসএফের সভাপতি মৌলানা বদরুল হক ও অন্যান্য কর্মকর্তারা বলেন, সীমান্তবর্তী শ্রীভূমি জেলায় এ ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সংগঠনটির পরিচয়, উদ্দেশ্য, সাংগঠনিক কাঠামো এবং কথিত সদস্য সংগ্রহের বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য প্রকাশ্যে আনা জরুরি।
সাংবাদিক সম্মেলন থেকে জেলা পুলিশ প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এলাকার শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার ওপরও গুরুত্ব আরোপ করেন তাঁরা।

উল্লেখ্য, শ্রীভূমির সিনিয়র পুলিশ সুপার লীনা দোলে ইতিমধ্যে জানিয়েছেন, বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে রয়েছে এবং তদন্ত চলছে। এখন তদন্তের ফলাফল ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন জেলাবাসী।




