সোনাইয়ে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের বার্ষিক বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা

Spread the news

বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র, সোনাইয়ের উদ্যোগে বার্ষিক বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা বৃহস্পতিবার সোনাই যুবতী সিংহ মণিপুরি হাইস্কুলে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজ্ঞান কেন্দ্রের সভাপতি আশরাফ হোসেন লস্কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার সিংহ, সোনাই খণ্ড শিক্ষা আধিকারিকের সিআরসিসি আফসর হোসেন মজুমদার এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত গাইড শিক্ষকরা।

অনুষ্ঠানের শুরুতে প্রতিযোগিতার উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করেন সোনাই আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের কো-অর্ডিনেটর রাগিব হোসেন চৌধুরী। এরপর শুরু হয় বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা। এর মধ্যে ছিল বিজ্ঞানভিত্তিক পোস্টার অঙ্কন, মডেল তৈরি, আকস্মিক বক্তৃতা এবং বিজ্ঞানভিত্তিক নতুন আইডিয়া উপস্থাপন। বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা উৎসাহের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন সোনাই খণ্ড শিক্ষা আধিকারিক নজমুল হোসেন লস্কর এবং দুই ব্লক রিসোর্স পার্সন (বিআরপি) এস এম ফিরোজ লস্কর ও সাবিনা ইয়াসমিন মজুমদার।

নিজের বক্তব্যে খণ্ড শিক্ষা আধিকারিক নজমুল হোসেন লস্কর বিজ্ঞান শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীল চিন্তাভাবনার বিকাশে সরকারের এ ধরনের উদ্যোগের ইতিবাচক ফল রয়েছে। হাইলাকান্দিতে কর্মরত থাকাকালীনও তিনি এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন বলে উল্লেখ করে জানান, এই ধরনের বিজ্ঞানভিত্তিক কর্মসূচি তাঁর বিশেষ পছন্দের।

এদিনের প্রতিযোগিতায় মডেল তৈরির বিভাগে প্রথম স্থান অধিকার করে সোনাই হলি লাইট ইংলিশ স্কুলের কে কৃষ্ণ মুরারি মিশ্র ও তাঁর সহপাঠী। দ্বিতীয় স্থান পায় সোনাবাড়িঘাট এমভি স্কুলের রুহিনা বেগম লস্কর ও তাঁর সহপাঠী। তৃতীয় স্থান অর্জন করে সোনাই যুবতী সিংহ মণিপুরি হাইস্কুলের এম বীথিকা সিংহ ও তাঁর সহপাঠী।
পোস্টার অঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে সোনাই এনজিএইচ স্কুলের যথাক্রমে সাইদুল আহমদ লস্কর, ইমরান আহমদ লস্কর ও বিরজিৎ সিংহ।

অন্যদিকে, আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সোনাই হলি লাইট ইংলিশ স্কুলের এস শিবানন্দ সিংহ। দ্বিতীয় স্থান পায় একই বিদ্যালয়ের কে কৃষ্ণ মুরারি মিশ্র এবং তৃতীয় স্থান অধিকার করে আশরাফ হোসেন মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *