
বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : অসমের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ২০২৭ সালের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা (এইচএসএলসি) বা ম্যাট্রিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ (ASSEB), ডিভিশন-১। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০২৭ সালের ম্যাট্রিক পরীক্ষা। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত।

বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী রণোজ পেগু সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষার সূচি প্রকাশের কথা জানান। সূচি প্রকাশের ফলে রাজ্যের দশম শ্রেণির পরীক্ষার্থীরা চূড়ান্ত প্রস্তুতির জন্য নির্দিষ্ট সময়সূচি হাতে পেল। পর্ষদের ঘোষণা অনুযায়ী, লিখিত পরীক্ষা প্রতিদিন দুইটি শিফটে অনুষ্ঠিত হবে। সকালের শিফটের পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়, চলবে দুপুর ১২টা পর্যন্ত। অন্যদিকে, দুপুরের শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে এবং শেষ হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।

পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সকালের শিফটের পরীক্ষার্থীদের সকাল ৮টা ১৫ মিনিটের মধ্যে এবং দুপুরের শিফটের পরীক্ষার্থীদের দুপুর ১২টা ৪৫ মিনিটের মধ্যে কেন্দ্রে পৌঁছাতে হবে। প্রশ্নপত্র পড়ার জন্য পরীক্ষার আগে অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হবে। সকালের শিফটে সকাল ৮টা ৫০ মিনিট থেকে ৯টা এবং দুপুরের শিফটে ১টা ২০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত এই সময় বরাদ্দ থাকবে।

এদিকে, ২০২৭ সালের ম্যাট্রিক পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা (প্র্যাকটিক্যাল) আগামী ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানরা বহিরাগত পরীক্ষক ও নির্ধারিত রিসোর্স পার্সনদের সঙ্গে আলোচনা করে ব্যবহারিক পরীক্ষার বিষয়ভিত্তিক সময়সূচি চূড়ান্ত করবেন।



