ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে : ট্রাম্প

Spread the news

১৯ নভেম্বর : ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কারণে পারমাণবিক সক্ষমতা অর্জনের পথে ইরানের অগ্রগতি কঠিন হয়ে পড়েছে। তবে রাসায়নিক ও জীবাণু অস্ত্র নিয়ে ইরানের কাজ করার পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান ‘গ্যাস নিয়ে ভাবছে, জীবাণু অস্ত্র নিয়েও ভাবছে’। এ সময় তিনি রাসায়নিক ও জীবাণু অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের বিষয়টিও তুলে ধরেন। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করেনি। তাঁর ভাষ্য, এই সংঘাত শুরু হয়েছে ৫১ বছর আগে।

সাক্ষাৎকারে ইরানের কর্তৃপক্ষের বিরুদ্ধে গত আট মাসে ৭৫ হাজার বিক্ষোভকারীকে হত্যার অভিযোগও করেন ট্রাম্প। তবে তাঁর দেওয়া এই সংখ্যার পক্ষে কোনো প্রমাণ তুলে ধরা হয়নি এবং তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ট্রাম্পের দাবি, ইরানের জনগণ বিক্ষোভ করতে চান। কিন্তু নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার আশঙ্কায় তাঁরা রাস্তায় নামতে ভয় পাচ্ছেন।

ওয়াশিংটন ডিসির বাসিন্দাদের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি তেমনটা মনে করেন না। তবে যুক্তরাষ্ট্রে কোনো হামলা হলে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তিনি।

ট্রাম্প বলেন, ‘যদি এমনটা ঘটে, তাহলে আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব।’ এটি তাঁর প্রতিশ্রুতি কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আপনাকে কথা দিচ্ছি।’
খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *