প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার

Spread the news

১৯ নভেম্বর : বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা সিলেট-৬ আসনের প্রাক্তন সাংসদ নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালেদ মনসুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখান থেকেই নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়। পরে তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, সিলেট-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বর্তমানে পাঁচটি হত্যা মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লিগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে নিজ এলাকা বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।
জানা গেছে, ৫ আগস্টের সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় নিহত অপর ব্যক্তি রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিনও পৃথক একটি মামলা দায়ের করেন।

এছাড়া গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের বাসিন্দা নাজমুল ইসলামের (২৪) স্ত্রী খাদিজা মাহিরুল বাদী হয়ে দায়ের করা মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় স্থানীয় আওয়ামী লিগের ১১৯ জন নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *