১৯ নভেম্বর : বঙ্গোপসাগরের উপর ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে ঘূর্ণিঝড় ‘আকওয়ান’। ভারতীয় আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার দুপুরে উত্তর অন্ধ্রপ্রদেশের নরসাপুর ও ওড়িশার পুরীর মধ্যবর্তী কোনও একটি স্থানে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়তে পারে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির পাশাপাশি সমুদ্র উত্তাল থাকার সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরের মধ্যে আকওয়ান অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কায় ওড়িশা সরকার ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি বুধবার জানিয়েছেন, রাজ্যের ১৩টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দক্ষিণ ওড়িশা এবং উপকূলবর্তী জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়ার আশঙ্কা রয়েছে। কালাহান্ডি, রায়গড়া, মালকানগিরি ও কোরাপুট-সহ একাধিক জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় উপকূলবর্তী এবং ভূমিধসপ্রবণ এলাকাগুলির প্রায় দুই লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে ওড়িশা সরকার। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নিরাপদ স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তির উপর নজর রেখে পরবর্তী সময়ে উদ্ধার ও স্থানান্তর অভিযান আরও জোরদার করা হতে পারে।
মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির বক্তব্য অনুযায়ী, শুক্রবার দুপুরে অন্ধ্রপ্রদেশের নরসাপুর ও ওড়িশার পুরীর মধ্যবর্তী কোনও স্থানে ঘূর্ণিঝড় আকওয়ান স্থলভাগে প্রবেশ করতে পারে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের নরসাপুর থেকে প্রায় ৪৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এরপর এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়টি শক্তিশালী অবস্থায় থাকতে পারে। তখন বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ওড়িশা সরকার রাজ্যের সাতটি জেলার বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ছয়টি জেলায় ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত এবং খুরদা জেলায় ১৯ ও ২০ নভেম্বর বিদ্যালয় বন্ধ থাকবে। সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি—সব ধরনের বিদ্যালয়ের ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত গঞ্জাম, গজপতি, পুরী, জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া ও কন্ধমাল জেলায় বিদ্যালয় বন্ধ থাকবে। অন্যদিকে, খুরদা জেলায় ১৯ ও ২০ নভেম্বর বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড়ের কারণে এখনও পর্যন্ত কোনও ট্রেন বাতিল করা হয়নি। তবে সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে যাত্রীদের সুবিধার্থে খাবার ও পানীয় জলের পর্যাপ্ত মজুতের ব্যবস্থা করতে শুরু করেছে ইস্ট কোস্ট রেলওয়ে। ঘূর্ণিঝড়ের গতিপথ, বাতাসের গতিবেগ এবং বৃষ্টিপাতের পরিমাণের উপর নির্ভর করে আগামী দিনে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।
এ দিকে, বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে এগোচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
এ দিকে, শিলচরে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি:
তাপমাত্রা: ২৪ ডিগ্রি সেলসিয়াস
আবহাওয়া: হালকা বৃষ্টি
আর্দ্রতা: ৭৮ শতাংশ
বাতাস: পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪ মাইল বেগে প্রবাহিত
বৃষ্টির সম্ভাবনা: ৩৮ শতাংশ



