আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : ২০২৭ সালের হজযাত্রীরা একাগ্রচিত্তে হজ পালনের আহ্বান জানালেন বিশিষ্ট হজ প্রশিক্ষক মওলানা হোসেন আহমদ মজুমদার।রবিবার সোনাই হজ কমিটি আয়োজিত হজ যাত্রীদের প্রশিক্ষণ শিবিরের শুভারম্ভ হয়। বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট হজ প্রশিক্ষক মওলানা হোসেন আহমদ মজুমদার বলেন, হজ পালন করতে গিয়ে অনেকে সঠিক নিয়ম বিষয়ে নানা সমস্যায় পড়েন। সহজে নিয়ম নির্দেশিকার প্রশিক্ষণ নিলে হজ পালনে কোন সমস্যা হয় না। তাই সোনাই হজ কমিটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে।
তিনি বলেন, এই প্রশিক্ষণ শিবির কোন ওয়াজ মহফিলের অনুষ্ঠান নয়। এখানে হজযাত্রীরা অতি সহজে হজ পালন করার বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। বিশিষ্ট ব্যক্তি শিলচর হজ কমিটির সদস্য মিলন উদ্দিন লস্কর বলেন, হজ পালন বিষয়ে সরকারি নিয়ম অনেকটা বদলে গেলেও হজযাত্রীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। হজযাত্রীদের যে কোন সমস্যা দেখা দিলে সোনাই, শিলচর গৌহাটি হজ কমিটি সবধরনের সহযোগিতা করে থাকে। তিনি বলেন, হজ পালনের সঠিক নিয়ম বিষয়ে সাধারণ মানুষ অনভিজ্ঞ।তাই খোদার হুকুমে হজ পালনের অনুমতি লাভ করা ব্যক্তি হজ পালনের সঠিক নিয়ম নীতি বিষয়ে প্রশিক্ষণ নেওয়া অত্যন্ত জরুরি।

শিলচর হজ কমিটির একনিষ্ঠ কর্মী আলিম উদ্দিন লস্কর বলেন, হজ পালনের অনুমতি লাভ করা অনেক হজ যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু আতঙ্কিত হজ যাত্রী প্রশিক্ষণ লাভ করার পর সেই আতঙ্ক কাটিয়ে উঠা সম্ভব।সোনাই হজ কমিটির সভাপতি হাজি আক্তার হোসেন মজুমদার (অপু) বলেন, ১৫ বছর ধরে সোনাই হজ কমিটি হজ যাত্রীদের সেবায় নিযুক্ত রয়েছে।প্রতি বছরের ন্যায় এবারও হজযাত্রীদের প্রশিক্ষণের আয়োজন করেছে সোনাই হজ কমিটি। শিবিরে অংশ নেওয়া হজ যাত্রীরা টাকা দিতে হয়না। আনুষঙ্গিক খরচ বহন করে হজ কমিটি।

হজ কমিটির সম্পাদক হাজি নূরুল হক বড়ভূইয়া বলেন, তিনমাস পর্যন্ত প্রতি রবিবার হজযাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে। আর মহিলা হজযাত্রীদের একই শিবিরে পর্দার আড়ালে প্রশিক্ষণ নেওয়ার সুবিধা রয়েছে বলে জানান। হজযাত্রীদের উদ্দেশ্যে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তি প্রাক্তন শিক্ষক আজিজুর রহমান চৌধুরী। শিবিরে অসংখ্য পুরুষ মহিলা হজযাত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সোনাই হজ কমিটির একনিষ্ঠ কর্মী আলতাব হোসেন চৌধুরী, আক্তার হোসেন লস্কর প্রমুখ।



