বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের মধ্যে আনন্দ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটানোর লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে শিশু দিবস উদ্যাপন করল ডেফোডিলস্ স্কুল। গত ১৪ নভেম্বর শিলচর নর্মাল স্কুল সংলগ্ন চিলড্রেনস পার্কে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর ১৩৭তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক পর্ব। একক সংগীত ও নৃত্য প্রতিযোগিতা ছিল এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। খুদে পড়ুয়াদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও নাচ, গানসহ বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন। তাঁদের পরিবেশনা উপস্থিত দর্শকদের বাড়তি আনন্দ দেয়।

শিশুদের বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেকের হাতে চকলেট ও মিষ্টি তুলে দেওয়া হয়। দিনভর আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ট্রাস্টি সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য সহযোগীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

সকলের আন্তরিক প্রচেষ্টা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিশু দিবসের আয়োজন হয়ে ওঠে আনন্দমুখর ও প্রাণবন্ত। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা এবং পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে শিশুদের সার্বিক বিকাশ অত্যন্ত জরুরি। সেই ভাবনাকে সামনে রেখেই প্রতি বছরের মতো এবারও ডেফোডিলস্ স্কুলের উদ্যোগে সফলভাবে পালিত হলো শিশু দিবস।



