বর্ণাঢ্য আয়োজনে বৈঠাখাল এমই স্কুলে শিশু দিবস উদযাপন

Spread the news

নাচে-গানে মাতল খুদে পড়ুয়ারা, ‘দ্রৌপদীর বস্ত্রহরণ’ নৃত্যনাটিকা ছিল বিশেষ আকর্ষণ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : নাচ, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে ৬৩তম শিশু দিবস উদযাপিত হল পাথারকান্দি শিক্ষা খণ্ডের অধীন বৈঠাখাল এম ই স্কুলে। পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় এদিন উৎসবমুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
শনিবার সকাল সাড়ে ৯টায় পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব দে, বৈঠাখাল আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা জবা নাগ এবং গ্রাম পঞ্চায়েত সভাপতি মণিরাজ কুর্মি।
স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক অপূর্ব দে বলেন, শিশুদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোই শিশু দিবস উদযাপনের অন্যতম উদ্দেশ্য। পড়ুয়াদের প্রতিভা প্রকাশের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানানোর পাশাপাশি তিনি অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতার গুরুত্ব তুলে ধরেন।

এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্রী রুবিনা নায়ক ও শংকরী তেলেঙ্গার ছটপূজার গান ও নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ধামাইল, ঝুমুর, একক নৃত্য এবং রবীন্দ্রনৃত্য পরিবেশন করে খুদে শিল্পীরা দর্শকদের মুগ্ধ করে।

তবে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল মহাভারতের কাহিনি অবলম্বনে পরিবেশিত ‘দ্রৌপদীর বস্ত্রহরণ’ নৃত্যনাটিকা। কৃষ্ণের ভূমিকায় অনুশ্রী পাল এবং দ্রৌপদীর ভূমিকায় কেয়া চন্দের অভিনয় বিশেষ প্রশংসা কুড়ায়। রাজশ্রী চন্দ, সুস্মিতা সিনহা, সপ্তমী পাল, রুবিনা নায়ক, শংকরী তেলেঙ্গা ও জুহি চন্দ-সহ অন্য পড়ুয়ারাও বিভিন্ন চরিত্রে অংশ নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নিখিল চন্দ, কনক রঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন পরিচালন সমিতির সভাপতি মোহিত লাল বৈদ্য, রাজেন কুর্মি, সুখদেব রোদ, ফুলমণি তেলেঙ্গা-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন শিক্ষিকা বেলারানি নাথ, অঞ্জিতা সিংহ, কল্যাণী সিংহ এবং আবু সুফিয়ানও।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক বিনয় দাস। শিশুদের প্রতিভা, সৃজনশীলতা ও আনন্দময় অংশগ্রহণের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *