বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : গোয়ালপাড়া জেলার লক্ষীপুর থানা থেকে দুই কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানার লকআপের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দুই কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশি নিরাপত্তা ও নজরদারি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, পলাতক দুই কয়েদির নাম জানাতুল ফিরদৌস ও নবীর। অভিযোগ, থানার লকআপের জানালার গ্রিল ভেঙে সেখান থেকে পালিয়ে যায় তারা। থানার মতো একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বলয় থেকে কীভাবে দুই কয়েদি পালাতে সক্ষম হল, তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুলিশ মহলে তৎপরতা দেখা দিয়েছে। পলাতক দুই কয়েদির সন্ধানে তল্লাশির প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। তবে কীভাবে তারা লকআপের জানালার গ্রিল ভেঙে পালানোর সুযোগ পেল এবং ঘটনার সময় নিরাপত্তার দায়িত্বে কারা ছিলেন, তা নিয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।



