সোনাইয়ের দক্ষিণ সৈদপুরে মাদকের রমরমা কারবার, অতিষ্ঠ এলাকাবাসীর গণপ্রতিরোধ

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর: সোনাইয়ের দক্ষিণ সৈদপুর গ্রাম পঞ্চায়েতের কাটা গাছতলা এলাকায় মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে এবার সরব হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাটি কার্যত মাদক সেবন ও কারবারের কেন্দ্রে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রায় ৪১টি পরিবারের সদস্য এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। শুধু মাদক বিক্রিই নয়, এলাকায় মাদক সেবনের ব্যবস্থাও রয়েছে বলে অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই অবৈধ কারবার চলে আসছে। পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতার করলেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। বরং দিন দিন মাদক কারবারির সংখ্যা বাড়ছে। এর জেরে এলাকার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি চুরি-সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপও বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ। এতে চরম উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় পরিবারগুলির মধ্যে।

পরিস্থিতিতে বাধ্য হয়ে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলেছেন এলাকাবাসী। পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে শুরু হয়েছে ধারাবাহিক অভিযান। শিশু থেকে বৃদ্ধ—বিভিন্ন বয়সের মানুষ এই উদ্যোগে সামিল হয়েছেন। কয়েকদিন ধরে সেবনকারীদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। কাউকে আবার পুনর্বাসনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে শতাধিক সেবনকারীকে আটক করা হয়েছে।

এবার সেবনকারীদের পাশাপাশি বিক্রেতাদের বিরুদ্ধেও অভিযান শুরু করেছেন এলাকাবাসী। শুক্রবার জুম্মার নামাজের পর শতাধিক মানুষ একত্রিত হয়ে মাদক বিক্রেতাদের বাড়িতে যান। সেখানে গিয়ে অবিলম্বে মাদক ব্যবসা বন্ধ করার কড়া সতর্কবার্তা দেন তাঁরা। অন্যথায় বৃহত্তর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে, স্থানীয়দের আরও অভিযোগ, এলাকার ১৬৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অর্ধনির্মিত ভবনটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। সেখানে দিনরাত মাদক সেবনের আসর বসে বলে অভিযোগ উঠেছে। সরকারি এই ভবনটি কীভাবে মাদক সেবনকারীদের আস্তানায় পরিণত হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।

শুক্রবারের এই অভিযানে উপস্থিত ছিলেন দক্ষিণ সৈদপুর জিপি সভাপতির স্বামী তথা প্রাক্তন জিপি সভাপতি তাহের বড়ভূইয়া, গ্রুপ সদস্যার স্বামী আক্তার হোসেন লস্কর, সুয়েল বড়ভূইয়া, বাবর তাপাদার, জায়েদ মজুমদার, মুফিজ আহমদ বড়ভূইয়া, বাবুল হোসেন মজুমদার, রাজন আহমদ লস্কর, প্রাক্তন এপি সদস্য হীরা লস্করসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। মাদকমুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে তাঁদের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *