বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : মণিপুরে ফের জাতিগত সংঘাতকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। রাজ্যের উখরুল জেলায় নিউ হেভেন এলাকার কাছে উখরুল–ইম্ফল সড়কের পাশে সন্দেহভাজন সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর অতর্কিত হামলায় চার নাগা নাগরিক নিহত হয়েছেন বলে প্রাথমিক সূত্রে খবর। নিহতদের মধ্যে দু’জন মহিলা ও দু’জন পুরুষ রয়েছেন। প্রাথমিক প্রতিবেদনে এই হামলার সঙ্গে কুকি জঙ্গিদের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
নিহতদের পরিচয় হিসেবে জানা গিয়েছে, তাঁরা হলেন শাংসাক গ্রামের কাপাংখুই আরএস (Kapangkhui RS) ও হাওলেইলা আরএস (Haoleila RS) এবং তাশার গ্রামের অগাস্ট এনগালুং (August Ngalung) ও খানমিলা (Khanmila)।

প্রাথমিক তথ্য অনুযায়ী, কাপাংখুই আরএস ও হাওলেইলা আরএস সম্পর্কে মা ও ছেলে। অন্যদিকে, অগাস্ট এনগালুং ও খানমিলা সম্পর্কে ভাই-বোন।


কী কারণে এবং কী পরিস্থিতিতে এই হামলার ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। হামলাকারীদের পরিচয় ও ঘটনার বিস্তারিত বিবরণ জানতে তদন্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।
এই ঘটনার পর উখরুল–ইম্ফল সড়কে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পাশাপাশি গোটা অঞ্চলে ফের উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।



