মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : বৃহস্পতিবার গভীর রাতে নিজের পরিবারের সদস্যদের উপর ভয়াবহ হামলা চালানোর অভিযোগ উঠেছে ফারুক আহমেদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এই হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর দুই ভাই, ৮ বছরের জাহাঙ্গির হোসেন এবং ৭ বছরের আলম উদ্দিনের। গুরুতর আহত অবস্থায় তাঁদের বাবা খলিল উদ্দিনকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (এসএমসিএইচ) ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তাঁরও মৃত্যু হয়।

অন্যদিকে, হামলায় গুরুতর আহত মা আলিয়া বেগম এবং ভাই আলতাফ হোসেন বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাঁদের চিকিৎসা চলছে।

জানা গেছে, পারিবারিক বিবাদের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। অভিযোগ, অভিযুক্তের মাদকাসক্তির বিষয়টি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল। ঘটনার পর অভিযুক্ত ফারুক আহমেদকে আটক করেছে পুলিশ। এদিকে, মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




