১৩ নভেম্বর : পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার ভোরে পশ্চিমবঙ্গ থেকে বাসে জগন্নাথ দর্শনে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। পথে ওডিশার জাজপুরের কাছে বড়চানায় একটি ট্রাকে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনায় এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর মেলেনি। তবে ১৬ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর থেকে ৫৫ জন যাত্রী নিয়ে বাসটি পুরী যাচ্ছিল। ভোরে বড়চানার কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বড়চনা ওভারব্রিজের উপরে দাঁড়িয়েছিল ট্রাকটি। বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ট্রাকের পিছনে ধাক্কা মারেন।

ভোরের দিকে যাত্রীরা সবাই ঘুমোচ্ছিলেন। আচমকা ধাক্কা লাগায় বাসের মধ্যে ছিটকে পড়েন তাঁরা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। আহত ১৬ জনকে উদ্ধার করে বড়চানা কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করানো হয়। পরে ২ জনকে কটকে স্থানান্তর করা হয়েছে। তাঁদের মধ্যে ৫ জন মহিলা রয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, আহতদের মধ্য ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর সামনে আসতেই তৎপর হয়েছে বড়চানা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওভারব্রিজে ওঠার মুখে ট্রাকের একটি টায়ার পাংচার হয়ে গিয়েছিল। সেই কারণেই রাস্তার ধারে দাঁড় করানো ছিল ট্রাকটি। তদন্তকারীদের দাবি, বাসচালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা ঘটেছে। বাসের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার জেরে ওভারব্রিজে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
দুর্ঘটনার পর বাসের বাকি যাত্রীদের বিকল্প গাড়ির ব্যবস্থা করে দেয় বড়চানা থানার পুলিশ। তাঁরা পুরীর উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বাঙালিদের কাছে অন্যতম জনপ্রিয় তীর্থস্থান হলো পুরী। প্রতি বছরই রাজ্যের নানা প্রান্ত থেকে দল বেঁধে জগন্নাথ দর্শনে যান পুণ্যার্থীরা। সেই যাত্রাপথেই পুণ্যার্থীদের বাস দুর্ঘটনার মুখে পড়ায় স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে।



