ভয়াবহ পথ দুর্ঘটনা, ২৩টি যানবাহনের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

Spread the news

১৩ নভেম্বর : সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক যানবাহনে ধাক্কা মারলে মোট ২৩টি গাড়ির সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর কয়েকটি যানবাহনে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে আমিরাতের নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের বিদেশি নাগরিকও রয়েছেন।

বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফুজাইরাহ পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার মধ্যরাতের কিছু আগে ফুজাইরাহ আমিরাতের প্রবেশমুখে শেখ খলিফা বিন জায়েদ সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ধীরগতিতে চলা যানবাহনের মধ্যে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাড়িতে ধাক্কা মারেন। এরপর ট্রাকটি উল্টে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা এবং ধীরগতিতে চলা আরও কয়েকটি যানবাহনে আঘাত করে। এতে মুহূর্তের মধ্যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় মোট ২৩টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে ১৮টি গাড়ি এবং পাঁচটি ট্রাক রয়েছে। সংঘর্ষের পর একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে সেই আগুন আশপাশের কয়েকটি যানবাহনে ছড়িয়ে পড়লে প্রাণহানির ঘটনা ঘটে।

ফুজাইরাহ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহত ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ১৫ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বাকি ১৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে আমিরাতের নাগরিকও রয়েছেন। কয়েকজনের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ভারতের কনস্যুলেট জানিয়েছে, নিহতদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে বলে কনস্যুলেটের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *