চার দশক পরও অমলিন স্মৃতি! মওলানা জালাল উদ্দিন নাথপুরীকে মরণোত্তর সম্মাননা, আত্মপ্রকাশ বৃহত্তর বাখরশালের প্রথম স্কুল ম্যাগাজিন ‘প্রজ্ঞা’র

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : দীর্ঘ চার দশক পেরিয়ে গেলেও মুছে যায়নি তাঁর স্মৃতি। শিক্ষা, ধর্মীয় জ্ঞানচর্চা ও সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট সমাজব্যক্তিত্ব মওলানা জালাল উদ্দিন নাথপুরীকে মরণোত্তর ‘মৌলানা আজাদ স্মৃতি সম্মাননা–২০২৬’ প্রদান করল মৌলানা আজাদ হাই স্কুল। জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর দুই পুত্রের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে বৃহত্তর বাখরশাল এলাকার প্রথম স্কুল ম্যাগাজিন ‘প্রজ্ঞা’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব মওলানা নাজমুদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হবিবুর রহমান চৌধুরীসহ এলাকার বহু বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক ও সমাজকর্মী।

প্রয়াত মওলানা জালাল উদ্দিন নাথপুরীর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর দুই পুত্র করিমগঞ্জ কলেজের আরবি বিভাগের বিভাগীয় প্রধান ড. হাফিজ সয়ীদ আহমদ এবং ‘আজমল টুডে’ পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক রশিদ আহমদ। প্রায় চল্লিশ বছর আগে প্রয়াত পিতার স্মৃতিকে এভাবে সম্মান জানানোর উদ্যোগে তাঁরা আবেগাপ্লুত হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুরস্কার নির্বাচন কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘প্রজ্ঞা’ স্কুল ম্যাগাজিনের উন্মোচন। শিক্ষার্থীদের সাহিত্যচর্চা, লেখালেখি, সৃজনশীল চিন্তাভাবনা ও সুপ্ত প্রতিভার বিকাশের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অতিথিরা বলেন, পাঠ্যপুস্তকের বাইরেও জ্ঞানচর্চা ও মননশীলতার পরিসর তৈরিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধান অতিথির বক্তব্যে বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী জাতীয় শিক্ষা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি যুবসমাজের মধ্যে মাদকাসক্তির প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মাদকমুক্ত সমাজ গঠনে অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব ও দৈনন্দিন জীবনযাপনের প্রতি অভিভাবকদের সচেতন নজর রাখার পরামর্শও দেন বিধায়ক।

হবিবুর রহমান চৌধুরী তাঁর বক্তব্যে গুণীজনদের স্মরণ ও তাঁদের আদর্শ নতুন প্রজন্মের সামনে তুলে ধরার গুরুত্ব উল্লেখ করেন। অনুষ্ঠানে মৌলানা আজাদ হাই স্কুলের প্রধান শিক্ষিকা জুই মজুমদার, অ্যাডমিনিস্ট্রেটর মাওলানা জসিম উদ্দিনসহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা স্কুলসমূহের পরিদর্শক গুয়াহাটিতে অবস্থান করায় অডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান।
সব মিলিয়ে জাতীয় শিক্ষা দিবসের এই অনুষ্ঠান অতীতের গুণীজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আগামী প্রজন্মের সৃজনশীল বিকাশের এক অনন্য মেলবন্ধনে পরিণত হয়। চার দশক পরও মৌলানা জালাল উদ্দিন নাথপুরীর স্মৃতিকে সম্মান জানানো এবং ‘প্রজ্ঞা’র আত্মপ্রকাশ বাখরশালের শিক্ষাক্ষেত্রে নিঃসন্দেহে এক স্মরণীয় সংযোজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *