যুবসমাজ ও সম্প্রীতি গড়তে ফুটবল প্রতিযোগিতার আয়োজন আসাম রাইফেলসের

Spread the news

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : খেলাধুলার প্রসার, যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ এবং সামাজিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে মণিপুরের তুইসিলিয়েনে এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। আসাম রাইফেলসের সহযোগিতায় তুইসিলিয়েন যুব সমিতি ও স্থানীয় গ্রাম কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জিরিবাম ও ফেরজল জেলার মোট ১০টি গ্রামের ২০টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় যুবক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এই আয়োজনের মধ্য দিয়ে তরুণ খেলোয়াড়রা নিজেদের ক্রীড়া প্রতিভা তুলে ধরার পাশাপাশি দলগত সংহতি, ক্রীড়াসুলভ মনোভাব এবং সুস্থ প্রতিযোগিতার সুযোগ পান।

অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে এলাকার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও পরম্পরা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এরপর আনুষ্ঠানিকভাবে ফুটবলে কিক মেরে প্রতিযোগিতার সূচনা করেন প্রধান অতিথি। এই আয়োজন সফল করতে আসাম রাইফেলস, তুইসিলিয়েন যুব সমিতি এবং স্থানীয় গ্রাম কর্তৃপক্ষের মধ্যে সক্রিয় সমন্বয় ও সহযোগিতার পরিচয় পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অসম রাইফেলসের উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যুবসমাজের প্রতিভা বিকাশের পাশাপাশি বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *