জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : শ্রীভূমি জেলায় ২০২৭ সালের ভোটার তালিকার বিশেষ সংশোধনী উপলক্ষে প্রস্তুত করা খসড়া ভোটার তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। শ্রীভূমির জেলা আয়ুক্ত ও জেলা নির্বাচন আধিকারিক প্রদীপকুমার দ্বিবেদী এ উপলক্ষে তার কার্যালয়ের কক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের খসড়া ভোটার তালিকা এবং সংশোধন প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন। এতে জানানো হয়।

১ জানুয়ারি, ২০২৭-কে যোগ্যতার তারিখ (Qualifying Date) হিসেবে নির্ধারণ করে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (Special Summary Revision), ২০২৭-এর অধীনে বৃহস্পতিবার শ্রীভূমি জেলার চারটি বিধানসভা কেন্দ্রের খসড়া ফটো ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, জেলায় মোট ভোটার ৯,৪৮,৭৮৫ জন। এর মধ্যে পুরুষ ৪,৮৬,৯৯৬ জন, মহিলা ৪,৬১,৭৮০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন। খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে দাবি ও আপত্তি দাখিলের সময়সীমা ১২ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত। দাবি ও আপত্তির নিষ্পত্তি ২৮ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৪ জানুয়ারি, ২০২৭ ।

বৈঠকে সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিক, দুইজন ERO ও অতিরিক্ত জেলা আয়ুক্ত (নির্বাচন), নির্বাচন আধিকারিক অন্বেষা খেরসা ও জেলা প্রশাসনের আধিকারিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটার তালিকার নির্ভুলতা ও স্বচ্ছতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।



