বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : মরিগাঁও জেলার লাহরিঘাট বিধানসভা কেন্দ্রের তিনসুকিয়া রাজীব গান্ধী খেলার মাঠে মুখ্যমন্ত্রীর ‘কথা দিয়ে কথা রাখছি’ নামে এক সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর ১২টা নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হেলিকপ্টারযোগে সভায় উপস্থিত হন। তিনি প্রথমে লাহরিঘাটবাসীকে জাতি-ধর্ম নির্বিশেষে গত নগাঁও লোকসভা উপ-নির্বাচনে বিজেপি দলকে বিজয়ী করার জন্য ধন্যবাদ জানান। নগাঁও লোকসভা উপ-নির্বাচনের নির্বাচনী সভায় বিজেপি দল যদি বিজয়ী হয়, তবে ফের লাহরিঘাট আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রতিশ্রুতির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আগের কংগ্রেসের সময় নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পরে তারা কোনো প্রতিশ্রুতি পূরণ করে না। তবে এই বিজেপি সরকারে প্রত্যেক প্রতিশ্রুতি পূরণ করে। যেহেতু সামনে কোনো নির্বাচন নেই, তবুও আসছি আপনাদের কথা দেওয়ার জন্য।

লাহরিঘাটের উন্নয়ন সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে লাহরিঘাট অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়নসহ আগের থেকে আরও ৩ গুণ বেশি উন্নয়ন করা হবে। মৈরাবাড়ি থেকে ভুরাগাঁও পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তা অসমমালার অধীনে নির্মাণ করা হবে। মরিগাঁও জেলা থেকে দরং জেলা সংযোগী ব্রহ্মপুত্র নদীর ওপর সেতু নির্মাণ করা হবে। লাহরিঘাটে একটি অগ্নিনির্বাপক কেন্দ্র স্থাপন করার পাশাপাশি একটি উন্নত মানের স্টেডিয়াম হবে বলেও প্রতিশ্রুতি দেন।


এদিকে, লাহরিঘাটের বিধায়ক আসিফ মহম্মদ নাজারকে ‘পাগলা’ বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কংগ্রেস দল আর কোনও দিনও সরকারে আসবে না। বিধায়ক যদি আপনাদের কাজে পুলিশ বা অন্য কোনও ধরনের ভয় দেখায়, সঙ্গে সঙ্গে আপনারা সাংসদের কাছে গিয়ে জানাবেন। সাধারণ জনগণের কোনও ধরনের কাজ থাকলে সাংসদ দেবাশিস শর্মার কাছে যাবেন। কারণ, যদি বিধায়কের এক ব্যাটারির ক্ষমতা থাকে, তবে সাংসদের ৮টি ব্যাটারির ক্ষমতা রয়েছে। আমি দেবাশিস শর্মাকে বলে দিয়েছি, মাসে কমপক্ষে ১ বার লাহরিঘাট কেন্দ্রে মানুষের কথা শোনার জন্য। আর আপনাদের যত কাজ আছে আপনারা দেবাশিস শর্মাকে দিবেন। তারপর দেবাশিস শর্মা আমাকে দিয়ে দিবে।”

সভায় মন্ত্রী পীযূষ হাজরিকা, নবনির্বাচিত সাংসদ দেবাশস শর্মা, বিধায়ক রামাকান্ত দেউরী, জেলা বিজেপি সভাপতি রামাপ্রসাদ সরকার, বিজেপি কর্মকর্তাদের পাশাপাশি ১০ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।



