
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৮ নভেম্বর : কালীপুজো উপলক্ষে শ্রীভূমি জেলায় মদের দোকান বন্ধ রাখার পূর্ববর্তী নির্দেশ প্রত্যাহার করল জেলা প্রশাসন। জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী স্বাক্ষরিত ৮ নভেম্বরের এক নতুন আদেশে ৮ ও ৯ নভেম্বর জেলার সমস্ত লাইসেন্সপ্রাপ্ত বিদেশি মদের খুচরা দোকান, বন্ডেড ওয়্যারহাউস এবং দেশীয় মদের দোকান বন্ধ রাখার নির্দেশ তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর জেলা আয়ুক্তের কার্যালয়ের আবগারি শাখা থেকে জারি করা এক নির্দেশে কালীপুজো উপলক্ষে ৮ ও ৯ নভেম্বর শ্রীভূমি জেলার সমস্ত লাইসেন্সপ্রাপ্ত IMFL ‘OFF’ ও ‘ON’ দোকান, বন্ডেড ওয়্যারহাউস এবং দেশীয় মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ৮ নভেম্বর জারি করা নতুন আদেশে পূর্বের সেই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।নতুন নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট সমস্ত লাইসেন্সধারী অসম আবগারি আইন, ১৯১০-এর অধীনে প্রণীত বিধি এবং নিজ নিজ লাইসেন্সের শর্তাবলি মেনে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন। জেলা আয়ুক্তের এই নতুন নির্দেশের ফলে কালীপুজো উপলক্ষে মদের দোকান বন্ধ রাখার বিষয়ে আগে জারি করা নিষেধাজ্ঞা আর কার্যকর থাকছে না।






