পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, পুলিশ-সাংবাদিকসহ আহত ১০

Spread the news

৪ নভেম্বর : পোশাকশ্রমিকের আন্দোলনকে কেন্দ্র করে ফের উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। সাভারের উলাইল ও হেমায়েতপুরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সেখানে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার সকালে সাভারের হেমায়েতপুর, ফুলবাড়িয়া ও উলাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরুদ্ধ করেন এবং উলাইল এলাকায় অবস্থিত আল-মুসলিম পোশাক কারখানার সামনে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়লে পুলিশ বাধা দেয়। এতে ক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

সংঘর্ষের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষের ঘটনার পরপরই পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটিতে কড়া নজরদারি রাখছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আশুলিয়া শিল্পাঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *