
৩০ অক্টোবর : পাকিস্তানে পরপর দুটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ২১ জন। বৃহস্পতিবার রাতে সিন্ধ প্রদেশের থারপারকার জেলার নাগরপারকরে একটি অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। অন্যদিকে, পাঞ্জাব প্রদেশে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাগরপারকরে একটি সরকারি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার পরিবর্তনের সময় আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৃতদের মধ্যে এক প্রসূতিও রয়েছেন বলে জানা গিয়েছে।

বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। কী কারণে অক্সিজেন সিলিন্ডারটি বিস্ফোরিত হল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। থারপারকরের এসএসপি আরিফ আজিজ জাফরি জানিয়েছেন, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, পাঞ্জাব প্রদেশের রাজনপুরের কাছে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। করাচি থেকে ডেরা গাজি খানের উদ্দেশে যাচ্ছিল বাসটি। পুলিশ সূত্রে খবর, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। মৃতদের মধ্যে একাধিক মহিলা ও শিশু রয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।



