সৌদি আরবে ছয়টি স্থানে হামলার দাবি হুতিদের

Spread the news

৩০ অক্টোবর : সৌদি আরবের তেল স্থাপনা, বিমানবন্দর ও সামরিক সদর দপ্তর লক্ষ্য করে ছয়টি হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতিগোষ্ঠী। বৃহস্পতিবার গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ দাবি করেন। তবে এসব হামলার সব কটির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হুতিদের পরিচালিত আল-মাসিরা টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত রাস তানুরা তেল শোধনাগার এবং আবকাইক শহরে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ ছাড়া লোহিত সাগর উপকূলে রাবিগ তেল শোধনাগারেও হামলার দাবি করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এ হামলায় বিমান চলাচল ব্যাহত হয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি।

এ ছাড়া সৌদি আরবের দক্ষিণ সীমান্তবর্তী নাজরান অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি সদর দপ্তর লক্ষ্য করে হামলার দাবি করেছেন ইয়াহিয়া সারি। এতে সেনাসদস্য ও কর্মকর্তারা হতাহত হয়েছেন বলেও জানান তিনি। তবে হতাহতের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুতিদের ছোড়া দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে যাওয়ার সময় দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ধ্বংসাবশেষ পড়ে একজন আহত হন এবং একটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *