বিহু দলের উপর হামলায় সাম্প্রদায়িক যোগসূত্র নেই, স্পষ্ট করলেন এসএসপি লীনা দোলে

Spread the news

১৭ জন গ্রেফতার, ৩০ দিনের মধ্যে চার্জশিট দাখিলের প্রস্তুতি পুলিশের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : দুর্গাপ্রতিমা বিসর্জনের শোভাযাত্রাকে কেন্দ্র করে শ্রীভূমি শহরে বিহু সাংস্কৃতিক দলের সদস্যদের উপর হামলার ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনল জেলা পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর আশঙ্কার মধ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন শ্রীভূমির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) লীনা দোলে। তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে কোনও সাম্প্রদায়িক যোগসূত্র নেই। মূলত মদ্যপানজনিত উত্তেজনা থেকেই এই শারীরিক সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। সোমবার এক সাংবাদিক বিবৃতিতে এসএসপি লীনা দোলে জানান, সংঘর্ষে বিহু সাংস্কৃতিক দলের মোট আটজন সদস্য আহত হয়েছেন। ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ইতিমধ্যে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। পরে গত রাতে ঘটনার একটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে আসে। সেই ফুটেজ খতিয়ে দেখে আরও চারজনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। এর ফলে এই ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭-তে।

এসএসপি জানান, তদন্তে এখনও পর্যন্ত এমন কোনও তথ্যপ্রমাণ মেলেনি, যার ভিত্তিতে ঘটনাটিকে সাম্প্রদায়িক সংঘর্ষ বলে চিহ্নিত করা যায়। তাঁর বক্তব্য, সংঘর্ষে জড়িত ব্যক্তিরা মদ্যপ অবস্থায় ছিলেন। মদ্যপানের প্রভাব এবং অতিরিক্ত উত্তেজনার জেরেই এই অনভিপ্রেত ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে।

একই সঙ্গে অসমিয়া ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার। শ্রীভূমিতে দুই সম্প্রদায়ের মধ্যে কোনও সাম্প্রদায়িক বিদ্বেষ বা শত্রুতা নেই বলেও তিনি স্পষ্ট করেছেন। একটি বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করা উচিত নয় বলে তাঁর বক্তব্যের মধ্য দিয়ে বার্তা উঠে এসেছে।

অন্যদিকে, ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে পুলিশ। এসএসপি লীনা দোলে জানান, আগামী ৩০ দিনের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করার প্রস্তুতি চলছে।

বিহু সাংস্কৃতিক দলের উপর হামলার ঘটনায় ইতিমধ্যে ১৭ জনের গ্রেফতারি এবং তদন্তে সাম্প্রদায়িক যোগসূত্র না পাওয়ার বিষয়ে পুলিশের বক্তব্য বিশেষ তাৎপর্য বহন করছে। এখন তদন্তের অগ্রগতি এবং পরবর্তী আইনি পদক্ষেপের দিকে নজর রয়েছে শ্রীভূমির সচেতন মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *