২৪ অক্টোবর : সাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আবার প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্ভোগ হতে পারে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
সময়ের সঙ্গে সঙ্গে সাগরে গভীর থেকে অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, আগামী সোমবার এই গভীর ও শক্তিশালী নিম্নচাপ আরও সক্রিয় হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
ঘূর্ণিঝড়ের অভিমুখ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র উপকূলের দিকে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হতে পারে রাজ্যের উপকূলবর্তী এলাকায়। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশই শক্তি বাড়াচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সব কিছু এমনই চললে আগামী সোমবার, ২৬ অক্টোবরের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘অর্ণব’। বাংলাদেশের দেওয়া এই নামের অর্থ সমুদ্র। আবহবিদদের নজর এখন বঙ্গোপসাগরের এই নিম্নচাপের গতিপ্রকৃতির দিকে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোতে পারে।



