বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : শিলচরের আইনজীবী ধর্মানন্দ দেব শিলচর সদরঘাটে বরাক নদীতে প্রতিমা বিসর্জনের জন্য ‘স্বয়ংক্রিয় বৈদ্যুতিক ভারবাহী ট্রলি ও হাইড্রোলিক ইমারশন লিফট ব্যবস্থা’ চালুর দাবিত ই-মেল ও ডাকযোগে প্রধানমন্ত্রীকে একটি স্মারকলিপি পাঠিয়েছেন। স্মারকলিপিতে প্রকল্পটির নীতিগত অনুমোদন, বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা ও প্রকল্প প্রতিবেদন (DPR) প্রস্তুত, অর্থায়নের ব্যবস্থা এবং প্রয়োজনীয় কারিগরি ও পরিবেশগত অনুমোদন সাপেক্ষে সদরঘাটে পরীক্ষামূলক প্রকল্প চালুর উদ্যোগ নেওয়ার আবেদন জানানো হয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় বৈদ্যুতিক ট্রলির সাহায্যে প্রতিমা বিসর্জনস্থলে নিয়ে যাওয়া এবং হাইড্রোলিক লিফটের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে নদীতে নামানোর পরিকল্পনা রয়েছে।

স্মারকলিপিতে বলা হয়েছে, এই ব্যবস্থা চালু করা গেলে ভারী প্রতিমা স্থানান্তর ও বিসর্জনের সময় অতিরিক্ত শারীরিক শ্রম, দীর্ঘ অপেক্ষা এবং সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি কমানো যেতে পারে। প্রস্তাবিত প্রযুক্তিগত সুরক্ষাব্যবস্থার মধ্যে রয়েছে লোড সেন্সর, স্বয়ংক্রিয় ব্রেক, জরুরি বন্ধ করার ব্যবস্থা এবং স্থিতিশীলতা নিয়ন্ত্রণ। পাশাপাশি ডিজিটাল সময়সূচি, নির্দিষ্ট সময়ে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা এবং প্রয়োজন অনুসারে সিসিটিভি ও কেন্দ্রীয় নজরদারির মাধ্যমে ভিড় ও বিসর্জন প্রক্রিয়া পরিচালনার প্রস্তাবও রাখা হয়েছে। বরাক নদীর পরিবেশ রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রকল্পের সম্ভাব্য পরিবেশগত প্রভাব মূল্যায়নের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
ধর্মানন্দ দেব সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক, অসম সরকার, কাছাড় জেলা প্রশাসন এবং শিলচর পুর নিগমকে সমন্বিতভাবে প্রস্তাবটি বিবেচনা করার আবেদন জানিয়েছেন। তাঁর স্মারকলিপিতে প্রকল্পটির আনুমানিক ব্যয় নির্ধারণ, বাস্তবায়নকারী সংস্থা চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর পরীক্ষামূলকভাবে ব্যবস্থা চালুর জন্য প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। প্রস্তাবটির উদ্দেশ্য হল সদরঘাটে প্রতিমা বিসর্জন প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করা এবং একই সঙ্গে বরাক নদীর পরিবেশ সুরক্ষার বিষয়টি বিবেচনায় রাখা। প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমীক্ষা, আর্থিক সংস্থান ও অনুমোদনের উপর নির্ভর করবে।



