২৩ অক্টোবর : এশিয়ান প্যারা গেমস ২০২৬ প্রতিযোগিতায় আরও একবার নিজের দক্ষতার প্রমাণ দিলেন ভারতের প্যারা তিরন্দাজ শীতল দেবী। মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগের ফাইনালে সিঙ্গাপুরের নুর স্যাহিদা আলিমকে ১৪২-১৩৯ পয়েন্টে হারিয়ে সোনা জিতলেন তিনি। এই জয়ের ফলে প্রতিযোগিতায় ভারতের ঝুলিতে এল ১৭তম সোনার পদক।
ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি মিক্সড টিম কম্পাউন্ড বিভাগেও সাফল্য পেয়েছেন শীতল। তৌমন কুমারের সঙ্গে জুটি বেঁধে ইন্দোনেশিয়াকে ১৫১-১৪৮ পয়েন্টে হারিয়ে সোনা জেতেন তিনি। এর আগে মিক্সড টিমের যোগ্যতা অর্জন পর্বে ১৪০২ পয়েন্ট সংগ্রহ করে বিশ্বরেকর্ড গড়েছিল এই ভারতীয় জুটি। আগের ১৪০০ পয়েন্টের রেকর্ডকে ছাপিয়ে যায় তাদের পারফরম্যান্স।
মহিলাদের কম্পাউন্ড ডাবলস বিভাগে পায়েল নাগের সঙ্গে জুটি বেঁধে রুপোর পদকও জিতেছেন শীতল। যোগ্যতা অর্জন পর্বে ১৩৭৯ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান দখল করেছিল এই জুটি। সেই সঙ্গে নতুন এশীয় রেকর্ড ও এশিয়ান প্যারা গেমসের রেকর্ড গড়েছিল তারা। নাগোয়ায় দু’টি সোনা ও একটি রুপো—মোট তিনটি পদক জিতলেন শীতল। ২০২৩ সালের এশিয়ান প্যারা গেমসেও তিনটি পদক জিতেছিলেন তিনি। আরও একবার আন্তর্জাতিক মঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করলেন ভারতের এই প্রতিভাবান তিরন্দাজ।




