সৌদি আরবের তেলক্ষেত্রে ড্রোন হামলায় নিহত ২, আহত ভারতীয়-সহ ২

Spread the news

২২ অক্টোবর : সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল উৎপাদন পরিকাঠামোয় ড্রোন হামলার চেষ্টা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। পূর্বাঞ্চলীয় প্রদেশের শায়বাহ সৌদি আরামকোর একটি স্থাপনাকে লক্ষ্য করে বুধবার এই হামলা চালানো হয়। ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই প্রবাসী কর্মী। আহত হয়েছেন আরও দু’জন। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এই হতাহতের খবর নিশ্চিত করেছে।

নিহতদের মধ্যে একজন ফিলিপিন্সের এবং অন্যজন নেপালের নাগরিক। আহতদের মধ্যে রয়েছেন পাকিস্তান ও ভারতের নাগরিক।

জ্বালানি মন্ত্রকের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, শায়বাহ তেলক্ষেত্রের একটি প্রক্রিয়াকরণ কেন্দ্রকে নিশানা করে ড্রোনটি এগিয়ে আসছিল। তবে লক্ষ্যবস্তুতে পৌঁছনোর আগেই সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে আকাশে ধ্বংস করে দেয়। ফলে তেলক্ষেত্রের মূল স্থাপনাটিতে সরাসরি আঘাত হানতে পারেনি ড্রোনটি। তবে ড্রোন হামলার প্রচেষ্টার সময় তেলক্ষেত্রের সীমানার বাইরে থাকা একটি ঠিকাদারি সংস্থার গাড়িতে আগুন লেগে যায়। সেই ঘটনায় দুই কর্মীর মৃত্যু হয়েছে এবং আরও দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে একজন পাকিস্তানের নাগরিক এবং অন্যজন ভারতের বাসিন্দা।

সৌদি জ্বালানি মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, এই ঘটনার জেরে সৌদি আরামকোর স্বাভাবিক উৎপাদন ও পরিচালন ব্যবস্থায় কোনও প্রভাব পড়েনি। ঘটনার খবর পেয়েই দ্রুত পদক্ষেপ করে সংশ্লিষ্ট নিরাপত্তা ও প্রশাসনিক কর্তৃপক্ষ। তাঁদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিহত দুই কর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রক। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *