নবমীর রাতে শিলচরে সাংবাদিককে মারধর, প্রাণনাশের হুমকি, মামলা

Spread the news

বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : শিলচরের অম্বিকাপট্টি এলাকায় এক সাংবাদিককে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আক্রান্ত সাংবাদিকের নাম রাহুলকান্তি দেব। তিনি শিলচরের অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর লেন এলাকার বাসিন্দা। বুধবার ঘটনার বিবরণ তুলে ধরে শিলচর সদর থানায় এক মামলা দায়ের করেন। মামলার  অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিট নাগাদ অম্বিকাপট্টি চৌরঙ্গীর ভারতী কর্নার পয়েন্টের মধ্যবর্তী ফুটপাতে দাঁড়িয়েছিলেন সাংবাদিক রাহুলকান্তি দেব। সেই সময় তাঁর সঙ্গে এলাকার বাসিন্দা শিবু চৌধুরী, পিনাক ধর, অভিজিৎ চক্রবর্তী, বিপ্লব রায়-সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

অভিযোগে রাহুলকান্তি দেব জানিয়েছেন, ওই সময় শিলচর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলার তাঁর স্বামী শোভন গুপ্তকে সঙ্গে নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে কথাবার্তা চলাকালীন আচমকাই অম্বিকাপট্টির শহিদ হীতেশ বিশ্বাস রোডের বাসিন্দা অজয় রায় তাঁর উপর শারীরিকভাবে আক্রমণ করেন বলে অভিযোগ।

রাহুলকান্তির দাবি, তাঁকে পরপর লাথি, ঘুষি ও চড় মারা হয়। এমনকি মাটিতে ফেলে বেশ কিছুক্ষণ ধরে তাঁর উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ। পাশাপাশি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি ভবিষ্যতে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। এ ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানিয়ে দোষীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান শিলচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *