২১ অক্টোবর : সুদানের বিতর্কিত আবিয়েই অঞ্চলের একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ১৫৩ জন নিহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) আমিয়েত বাজারে চালানো এ হামলায় বহু মানুষ আহত হয়েছেন। হামলার পর বাজারে আগুন ছড়িয়ে পড়ে। এতে অনেকের লাশ পুড়ে গেছে।
স্থানীয় কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত তথ্যমন্ত্রী ইয়োহান্না আকোল নগর এ হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে দায়ী করেছেন। তবে এ অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
কূটনীতিক, ত্রাণকর্মী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের বরাতে জানা গেছে, বাজারের একটি জ্বালানির মজুতকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়ে থাকতে পারে। স্থানটি সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) জ্বালানি সরবরাহে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে।
সুদানের সেনাবাহিনীর এক কর্মকর্তা দাবি করেছেন, আরএসএফের কাছে যাওয়ার পথে থাকা জ্বালানিবাহী ট্যাংকারগুলো ছিল হামলার লক্ষ্য। বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে সেনাবাহিনী।

হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রায় আট হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ২০ জনের বেশি আমেথ বেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিক বেসামরিক মানুষের ওপর ড্রোন হামলা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।



