২০ অক্টোবর : ভারতে সরকার বদলের লক্ষ্যে বিদেশি শক্তির মদতে ষড়যন্ত্র চলছে— রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) শতবর্ষ উদ্যাপন উপলক্ষে বিজয়া দশমীর অনুষ্ঠানে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। তাঁর দাবি, ভারতকে দুর্বল করে ভেঙে টুকরো টুকরো করে ফেলার চেষ্টা করছে কিছু ‘অশুভ শক্তি’। ক্ষমতার লোভ ও দূরদর্শিতার অভাবে কয়েকজন উচ্চাকাঙ্ক্ষী নেতাও সেই প্রচেষ্টায় সামিল হচ্ছেন। মঙ্গলবার নাগপুরে RSS-এর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তনের আন্তর্জাতিক প্রচেষ্টার প্রসঙ্গ তুলে নাম না করে রাহুল-সহ বিরোধী নেতাদের উদ্দেশে আক্রমণ শানালেন RSS প্রধান।
ভাগবতের দাবি, ফ্রান্স, আলবেনিয়া, বাংলাদেশ ও নেপালের সাম্প্রতিক ঘটনাবলির পিছনে নির্দিষ্ট স্বার্থ কাজ করেছে। তাঁর কথায়, সরকার পরিবর্তনের মাধ্যমে পরিস্থিতি বদলে দেওয়ার কথা বলা হলেও বাস্তবে সেই উদ্দেশ্য সফল হয়নি। বরং বিভিন্ন জায়গায় স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরাই প্রভাব বিস্তার করেছেন। তাঁর অভিযোগ, এ ধরনের কার্যকলাপ বিশ্বের বিভিন্ন দেশে চলছে এবং ভারত এখন সেই প্রচেষ্টার অন্যতম লক্ষ্য।
ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আরএসএস প্রধান বলেন, এ দেশেও একই ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে গত কয়েক দশকে দেশের দৃঢ় নীতি এবং নেতৃত্বের কারণে এই ধরনের প্রচেষ্টা সফল হয়নি বলে তাঁর দাবি।
ভাগবতের বক্তব্য, ভারত, হিন্দু সমাজ এবং আরএসএসকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি স্বীকার করেন, দেশের উন্নয়ন এখনও সম্পূর্ণ হয়নি। ফলে বিভিন্ন সমস্যা থেকে যাবে। তবে দেশের তরুণ প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় বলেই অন্য কয়েকটি দেশের মতো পরিস্থিতি ভারতে তৈরি হওয়া কঠিন বলে মনে করেন তিনি।




